top of page
kobitalogo_edited.png
essaylogo_edited.png
shakun2_edited.png
sukanta_edited.png
shakti_edited.png
robi_edited.png

কবিতা

পার্থ সরকার 

  জানুয়ারী ২০২৭ ।। মতামত ।। সূচীপত্র

ধূমপানের জন্য করিডর 

 

অনাগত যুগের স্মৃতিস্তম্ভ 

হতাশাই খাদ্য করে হতাশা 
আর হতাশা খুব মিষ্টি 

বালির উত্তাপ 

আমি দেবতাকে বলেছিলাম- ধন্যবাদ 

বালি আর ঠোঁটের মধ্যে ব্যাপক ফাঁক 

গভীর রসিকতা 
পর্দা এক স্থপতি 

ধূমপানের জন্য করিডর 

বাঁকানো অনুভূতি 

নক্ষত্র কখনো উপহাস করে না। 

art1.jpg

পৃথিবীর দিকে ছাতা ধরে আছে রোদ

 

জলঢাকা উপযাচক

নিশ্চিন্তে বেঁচে বর্তে যাওয়া 

ধোঁয়ার গোড়ায় খোলা গলায় গান 

শব্দ ধন্যাত্মক সিঁড়ির 

উপরে উঠতে পারো, যদি নামার নামতা জানো 

ফিরে আসার বেলায় লেগে থাকে রোদ বাতাসের দক্ষিণে লাল জবায় 

পৃথিবীর দিকে ছাতা ধরে থাকে বোধ। 

যদি সুস্থ, নতুবা নয়

​

মৌখিক জনস্রোত… নতুন নির্বাচন… পুরানো পাঁড় মাতাল… ছিটকিনি হাওয়া…  
 
রাস্তা দুলছে… কি উন্নয়ন!… পতিতা আরো ক্রমে পবিত্রতর… পাখি হরবোলা…   

জনজোয়ার… মাদকের মনের কথা… কি ভক্তি অপরিসীম! শুনছে মৃত…  পাকস্থলী রসালো… 

শুকনো টিকিট… সোমরসে সিফিলিস… হাড়ভাঙা পুষ্টি… দিনরাত্রির সৌজন্য…   
 
নামতা শব্দহীন…প্রবাদে ডুবে যায় আশকারার বেহাল তবিয়ৎ… শূন্যে মন্ত্রী… 

প্রজার রক্তক্ষরণ…   যদি সুস্থ হও অন্তর্বাসে, তবে হেসো, নয়তো… 

কবিতা

মঙ্গলা পাল 

MangalaPaul.png

  জানুয়ারী ২০২৭ ।। মতামত ।। সূচীপত্র

দইবড়া


নরম ও গরম দইবড়া যদি খেতে লাগে কষ্ট,
দামের জিনিস তো কভু কোরো নাকো নষ্ট।
বিউলির ডাল ঠান্ডা জলে ভেজাও আট ঘন্টা,
তবেই যাবে ডাল বাটা, আনন্দিত হবে মনটা।
কড়াই ডাল বেটে নাও মিক্সিতে অথবা শিলে,
ঘন করে বাটা হলে জল দাও, নুন দাও গুলে।
মাখামাখি শেষ ছাঁকা তেলে বড়া ভাজা শুরু,

ঠান্ডা করো খাওয়ার জন্য বুক করবে দুরুদুরু।

উষ্ণ জলে নুনও চিনি মিশিয়ে নাও স্বাদ মতো,

ভাজা বড়া জলে ডোবাও নিজের সময় মতো।

জল ঝরিয়ে নাও বড়া সাজাও প্লেটের ভিতর

তেঁতুল ফেটাও, মশলা করো দই তার ওপর।

একেক করে তেঁতুল, দই মেশাও বড়ার মাঝে,

সস ও ঝুরি ভাজা মেশাও, খাও সকাল সাঁঝে।

নিজের ইচ্ছা মতো জিনিস মেশাতে পারো সঙ্গে,

বাচ্চা বড়ো সবাই খাবে নাচবে মনের রঙ্গে।

doibara_edited_edited.png

কবিতা

রুদ্র দাস 

  জানুয়ারী ২০২৭ ।। মতামত ।। সূচীপত্র

এসো ফিরে কবি

হে কবি,
এসো ফিরে আবার মাতৃকোলে,
ফিরে এসো বৈশাখের ঐ গানে
ছন্দের নূপুর বাজাও আপন মৃদঙ্গের তালে।

হে কবি,
বিশ্ব আজ জর্জরিত,
ভয়ানক কালগ্রাসে অরুণ আজ অস্তমিত।
ফিরে এসো, হও মোদের ঋত্বিক,
দর্শন করাও মোদের সত্যের প্রতীক।

​

সে কিন্তু আমি নই

আজ লাগছে না ভালো, নাকি আমার শূন্যবাসা
কোন বারিধারা ভাসিয়ে নিল, আমার ভালোবাসা
সেও কি আমার মতো তোমার খুশিতে ফোটে?
তোমার বেদনায় আগলে কি রাখে?
সেও কি আমার মতো বদ্ধ  পাগল কবি?
তোমার জন্য সেও কি লিখেছে পদ্যের সারি?
আমি জানি, হয়তো সে আমার চেয়ে উত্তম
তবে মনে রেখো হে প্রিয়া

সে কিন্তু আমি নই

আমি তো উচ্ছৃঙ্খল কবি

কি বা দিতে পারি

দিয়েছে শুধু আমার কবিতার উপমা

তাই দিয়ে কি তোমায় বাঁধা যায়, তোমায় হে নিরুপমা

তুমি কি চাও রবিকে?

যা উজ্জ্বল করবে তোমারে অপরূপ ঝলকে
তবে মনে রেখো হে প্রিয়া
আমি নই অরুণ আলো
তব আমার ভালোবাসা ঐ অরুণ আলোকেও ম্লান করবে,
শুধু তুমি দেখো নাই, বোঝো নাই
হয়তো তুমি পাবে সুখের নদী।
তাও মনে রেখো হে প্রিয়া
সে আমি নই, সে অন্য কেউ

​

​আমি কি হতে চাই
 

আমি কি হতে চাই? 
ওই দূরে কি উড়তে চাই? 
ওই চিলের মত, আপন জগতে রাজা হয়ে
ঐ পিঁপড়াদেরও তো আছে স্বাধীনতা
যে যার জন্য মতো আপন কাজে মাতে
কই আমার তো নাই
যা চাইনা করিতে 
তাই করতে, আমার ঘুম নাই
করছি তাও, জানিনা কেন?
আসলে কি নিজের জন্য?
নাকি কারো সম্মানের জন্য?
জানি না কেন?
নিজের আত্মসত্তা আজ রেখেছি তিমিরে
জানিনা কোন ঋণের ভারে?
নিজের স্বাধীনতা বিসর্জনে 

আমি  মেতেছি কি উল্লাসে ?

নিজের শক্তি, নিজের শিল্পকে মেরে

আমি কি করেছি জয়?

নাকি ঘটেছে পরাজয়?

ঐ বৃষ্টিও নাকি আপনার নিয়মে ঝরে।
কই আমি তো পারি না
ঈশান কোনে জ্ঞানের  আলো জ্বালি না।
আমাদের পরিয়েছে যে বেড়ি
বন্ধনে কি সৃজনশীলতা আসে?
বন্দি পাখি কি কখনো আনন্দে ভাসে?
ও তো তোতা পাখি
অনুকরণই ওর  বৈশিষ্ট্য  
আকাশ ও চেনে নাকি
নতুন রঙে ভাসে নাকি 
যে চেনেনি মুক্তির স্বাদ
সে শুধু সোনায় বসানো খাদ।
ওটা দিয়েছ হার গড়ি
তব ওর দাম নেই এক কড়ি।
বেরিয়ে এসো তরুণ, বেড়াজাল চিরে
নতুন পথের নিশান দেখা যায় ঐ শহরে।
গুরুত্ব কর আপন স্বপ্ন, সময় দাও সৃষ্টিতে 
কারো স্বপ্নে হইওনা মাতাল।
নইলে  হারাবে তিমির পথে 
সবাই সবকিছুর জন্য নয়
বৃথা গিয়ে  এনো না ভয়।
যা করতে মনে লাগে তৃপ্তি
তাই কর হে জাগ্রত শক্তি।

কবিতা

সত্যজিৎ নস্কর,বনহুগলী, কোলকাতা

satyajit-naskar_edited.jpg

  জানুয়ারী ২০২৭ ।। মতামত ।। সূচীপত্র

kobitalogo_edited.png

যদি

​

রাত্রি নামে
একাকী -----বিষাদ অনুষঙ্গে,
জোনাকির সাথে দেখা হলে কি বলবে
পোড়া-মুখ লুকোবে কোথায়!

শীত আসে
বেরঙীন -----ছায়াময় পরিচয়ে,
মেয়েটির সাথে কথা হলে কি বলবে
উষ্ণতা রাখবে কোথায়!দুঃখ ভাসে

কপট-----গোপন অভিসন্ধি,
পড়ন্ত দুপুরে চিঠি এলে কি বলবে
হৃদ্‌স্পন্দন থামাবে কিভাবে!

কান্না আসে
অবাধ-----নিঃসঙ্গ বিচ্ছেদে,
বন্ধু হাতে হাত রাখলে কি করবে
ফল্গুধারায় ডুববে কি করে!

মৌনতা জমে
দূর্ভেদ্য-----গাঢ় উদাসীনতা,
নদীর সাথে ঘর বাঁধলে কি বলবে
নারীদের বুক ছাড়া জিরোবে কোথা!

গল্প

bishnu_edited.jpg

সম্পর্কের

শেষ অধ্যায়

বিষ্ণু প্রসাদ দাস

কটক, ওড়িষা

himadri2_edited.png

ইন্দ্রাণীর সঙ্গে আমার বিবাহবিচ্ছেদ এবং তার চলে যাওয়ার পর প্রায় পাঁচ বছর কেটে গেছে। সময় তার নিজস্ব গতিতে বয়ে চলে। এই পাঁচ বছরে পৃথিবীতে কত কিছুই না বদলে গেছে, ঋতুচক্র বদলেছে, মানুষের সম্পর্কের রূপ বদলেছে, আর সময়ের স্রোতে কত পরিচিত মুখই না অচেনা হয়ে গেছে। অথচ আমার জীবনের একটি কোণ আজও সম্পূর্ণ অপরিবর্তিত। সেখানে ইন্দ্রাণীর স্মৃতি এখনও অম্লান।

বিবাহবিচ্ছেদের যন্ত্রণা ভুলে থাকার চেষ্টায় আমি কলকাতা ছেড়ে শিলিগুড়িতে চলে এসেছিলাম। ভেবেছিলাম, শহর বদলালে হয়তো মনের অবস্থাও বদলে যাবে। কিন্তু আমার সেই ধারণা ভুল প্রমাণিত হল। শিলিগুড়ির প্রতিটি নিঝুম সন্ধ্যায় ইন্দ্রাণীর কথা এবং তার সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতিগুলো আমার চোখের সামনে ভেসে উঠত। মাঝেমধ্যে গভীর রাতে ঘরের সব আলো নিভিয়ে জানালার পাশে বসে থাকলে মনে হতো, ইন্দ্রাণী যেন ঠিক আমার পাশেই বসে আছে। আমরা দুজন পাশাপাশি বসে শিলিগুড়ির নীরব, স্নিগ্ধ রাত উপভোগ করছি।

শুনেছি, ইন্দ্রাণী আবার বিয়ে করেছে। নতুন স্বামীর সঙ্গে সে জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছে। হয়তো তার ঘর এখন সুখ, স্বপ্ন আর নতুন আশায় পূর্ণ। সে কতটা সুখী, তা আমি জানি না, আর তা জানার অধিকারও আমার আর নেই। তবুও কী এক অজানা টানে, মাঝে মাঝে ইন্দ্রাণীর স্মৃতি আমার মনে ফিরে আসে।

আমাদের দাম্পত্য জীবনটা খুব সুন্দরভাবেই শুরু হয়েছিল। আমাদের অনেক স্বপ্ন ছিল, একটি ছোট্ট ঘর, একে অপরের প্রতি ভালোবাসা এবং আজীবন পাশাপাশি পথ চলার দৃঢ় সংকল্প। আমরা ভবিষ্যতের জন্য একটি সুখী সংসারের স্বপ্ন দেখেছিলাম। অথচ ভাগ্যের নির্মম পরিহাসে সেই সংসার এক বছরও টিকল না।

একে অপরকে বোঝার ক্ষেত্রে বারবার ব্যর্থ হওয়ার পর শেষ পর্যন্ত আমরা বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত মেনে নিলাম। ইন্দ্রাণী ছিলেন উচ্চশিক্ষিতা এবং আধুনিক মানসিকতার একজন নারী। তিনি নিজের পছন্দ-অপছন্দ, বন্ধুত্ব এবং স্বাধীন জীবনযাপনকে অত্যন্ত গুরুত্ব দিতেন। আমার স্বভাব ছিল তার সম্পূর্ণ বিপরীত। বিয়ের পরেও নিজের জীবনযাত্রার ধরন বদলানোর প্রয়োজন তিনি অনুভব করেননি। অন্যদিকে, আমার পরিবারও সংসার সম্পর্কে কিছু প্রচলিত প্রত্যাশা নিয়ে চলত। ধীরে ধীরে ইন্দ্রাণীর স্বাধীন জীবনযাপন এবং আমাদের পারিবারিক প্রত্যাশার মধ্যে একটি গভীর দূরত্ব তৈরি হতে লাগল।

প্রায়ই তাঁর কিছু জীবনযাপন ও সামাজিক পছন্দ নিয়ে আমাদের মধ্যে মতবিরোধ তৈরি হত। ক্লাব, পার্টি এবং আধুনিক সামাজিক পরিমণ্ডলে তাঁর স্বচ্ছন্দ বিচরণ আমার পারিবারিক পরিবেশের সঙ্গে সহজে মানিয়ে নিতে পারেনি। আমাদের মধ্যেও স্বাভাবিক দাম্পত্য ঘনিষ্ঠতা গড়ে ওঠেনি। তবুও আমি তাঁকে দোষ দিতে চাইনি। আমার একমাত্র চাওয়া ছিল…ইন্দ্রাণী যেন সুখী থাকে। তাই অনেক সময় আমরা সমাজের চোখে একটি সুখী দাম্পত্য জীবনের মুখোশ পরে থাকার চেষ্টা করেছি।

কিন্তু মুখোশ দিয়ে তো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। ধীরে ধীরে আমাদের মধ্যে মতবিরোধ আরও গভীর হল। পরিবারের নানা সমস্যার মধ্যেও ইন্দ্রাণী তাঁর সিদ্ধান্তে অটল রইলেন। তাঁর বাবা-মাও

তাঁকে সমর্থন করলেন। একদিন ইন্দ্রাণী শান্তভাবে আমাকে বলেছিল, “এই সম্পর্কের মধ্যে আমি নিজেকে খুঁজে পাচ্ছি না। তুমি কোনোভাবেই খারাপ মানুষ নও। কিন্তু জীবনসঙ্গী হিসেবে আমরা একে অপরের সঙ্গে মানিয়ে নিতে পারিনি। হয়তো আমাদের আলাদা পথেই হাঁটা উচিত।” কথাগুলো শুনে আমার ভেতরটা যেন ভেঙে গিয়েছিল। আমি বিচ্ছেদ চাইনি। তবুও তার ইচ্ছা এবং আত্মসম্মানের প্রতি শ্রদ্ধা জানিয়ে শেষ পর্যন্ত পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদের কাগজে স্বাক্ষর করলাম। সেই স্বাক্ষরের মূল্য ছিল অনেক। তার বিনিময়ে বিসর্জন দিতে হয়েছিল অসংখ্য স্বপ্ন, অগণিত স্মৃতি এবং বহু বিনিদ্র রাত। আমার জীবনের নাটকের একটি অধ্যায়েরও সেদিন যবনিকা পতন ঘটেছিল । আইনি প্রক্রিয়ার মাধ্যমে অল্পদিনের মধ্যেই আমাদের বিবাহবিচ্ছেদ সম্পূর্ণ হল। যেদিন ইন্দ্রাণী আমাদের ঘর ছেড়ে চলে গেল, সেদিন দরজার কাছে দাঁড়িয়ে আমি তাকে শেষবারের মতো দেখছিলাম। তাকে আটকানোর প্রবল ইচ্ছা হয়েছিল। কিন্তু মনে হয়েছিল, ভালোবাসার নামে কাউকে তার ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখার অধিকার আমার নেই।

সেদিন ঈশ্বরের কাছে আমার একটাই প্রশ্ন ছিল…. “হে ঈশ্বর, কোন জন্মের পাপের জন্য তুমি আমাকে এমন শাস্তি দিলে?” কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমি বুঝতে শিখলাম, সব বিচ্ছেদ পাপের ফল নয়। কখনও কখনও দুজন মানুষই ভালো হতে পারে, অথচ স্বামী-স্ত্রী হিসেবে তারা একে অপরের জন্য উপযুক্ত নাও হতে পারে। ভালো মানুষ হওয়া আর ভালো জীবনসঙ্গী হওয়া…দুটি সবসময় এক বিষয় নয়।

জীবনের এই বেদনাদায়ক অধ্যায় আমাকে একটি গভীর সত্য শিখিয়েছে। বিয়ে কেবল দুটি শরীরের মিলন নয়; এটি দুটি মন, দুটি মানসিকতা এবং দুটি জীবনের দীর্ঘ পথচলা। ভালোবাসার পাশাপাশি একটি সম্পর্কের জন্য প্রয়োজন পারস্পরিক শ্রদ্ধা, স্বাধীনতার মর্যাদা, বোঝাপড়া এবং খোলামেলা যোগাযোগ।

শুধু সমাজ কী বলবে? এই ভয়ে একটি ভেঙে যাওয়া সম্পর্ককে টেনে নিয়ে যাওয়া যেমন ঠিক নয়, তেমনি ছোটখাটো মতপার্থক্যকে অহংকারের সংঘাতে পরিণত করে সম্পর্ককে ধ্বংস করাও সমাধান নয়। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে দুজনকেই শুনতে হয়, বুঝতে হয়, প্রয়োজন হলে নিজেদের কিছুটা বদলাতেও হয়। আর যখন কোনো সম্পর্ক সত্যিই আর টেকসই থাকে না, তখন পরস্পরের প্রতি সম্মান বজায় রেখে আলাদা হয়ে যাওয়াও কখনও কখনও জীবনের কঠিন কিন্তু প্রয়োজনীয় সিদ্ধান্ত হতে পারে।

আজও শিলিগুড়ির কোনো হিমেল সন্ধ্যায় জানালার পাশে বসে থাকলে ইন্দ্রাণীর মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে। আমি জানি, সে আর কোনোদিন আমার কাছে ফিরে আসবে না । তবুও মনে মনে তাকে বলি….“ইন্দ্রাণী, তুমি যেখানেই থাকো, ভালো থেকো” আমাদের গল্প অসম্পূর্ণ রয়ে গেছে বলেই যে জীবনও শেষ হয়ে গেছে, তা তো নয়।  কিছু সম্পর্ক জীবনে থেকে যায় না, কিন্তু তাদের স্মৃতি আমাদের বদলে দেয়। কিছু মানুষ আমাদের পাশে থাকে না, অথচ তাদের দেওয়া অভিজ্ঞতা সারাজীবন আমাদের সঙ্গে পথ চলে।

শিলিগুড়ির রাত আরও গভীর হয়ে এসেছে। জানালা দিয়ে হিমেল বাতাস ঘরে ঢুকছিল। আমি চোখ বন্ধ করলাম। গাল বেয়ে নেমে এল দু-ফোঁটা অশ্রু। আমি ইন্দ্রাণীর স্মৃতিগুলো এতদিন আঁকড়ে ধরে রেখেছিলাম। কিন্তু সেদিন প্রথমবার তাকে মুক্ত করে দিলাম….আমার মন থেকেও। কারণ প্রকৃত ভালোবাসা মানে কাউকে নিজের করে পাওয়ার জন্য তার স্বাধীনতা কেড়ে নেওয়া নয়। প্রকৃত ভালোবাসা কখনও কখনও প্রিয় মানুষটির সুখের জন্য তাকে নিজের জীবন থেকে মুক্ত করে দেওয়ার নামও। ইন্দ্রাণী তার পথে চলে গেছে। আমিও জীবনের বাকি পথটুকু নিজের মতো করে হাঁটব। একাকিত্ব হয়তো আমার সঙ্গী হবে, কিন্তু অতীতকে অভিশাপ দিয়ে আমি ভবিষ্যৎকে নষ্ট করতে চাই না।

মনে পড়ে গেল রবীন্দ্রনাথ ঠাকুরের সেই অমর পঙ্ক্তি…“যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে….” হয়তো সম্পর্কের শেষ অধ্যায় এখানেই শেষ। কিন্তু জীবনের শেষ অধ্যায় এখনও লেখা হয়নি।

গল্প

subrata majumder_edited.jpg

বর্ষার মন

সুব্রত মজুমদার

হিউস্টন, টেক্সাস

girl1_edited.png

কলেজ স্ট্রিটের কফি হাউসে ঢোকার মুখেই বর্ষার প্রথম টুপটাপ শুরু হল। ভেতরে ঢুকে একটা খালি চেয়ার দখল করে এক কাপ কফির অর্ডার দিয়ে , সৌভিক রবীন্দ্রনাথের বইয়ে ডুবে গেল।  পুরনো পাতা থেকে মুখ তুলে তাকাতেই দেখল—বাইরে শুরু হয়ে গেছে সেই চেনা তাণ্ডব। বুঝতে  অসুবিধে হলনা , লোকজন ছুটোছুটি করছে মাথা গোঁজার ঠাঁই খুঁজতে, হকাররা তাড়াহুড়ো করে মাল-পত্তর ঢাকছে, আর শুরু হয়ে গেছে টিনের চালে বৃষ্টির সেই পুরনো গান যার সাথে কলকাতার প্রতিটা মানুষের চেনাশোনা।

“এখানে কেউ বসেছেন? কোথাও একটা খালি চেয়ার নেই। ”

সৌভিক তাকিয়ে দেখল একটা মেয়ে তার সামনের খালি চেয়ারের দিকে ইশারা করছে। বৃষ্টিতে কুর্তাটা সামান্য ভিজে গেছে, তারের চশমার আড়ালে মিষ্টি চোখ, কাঁধে একটা পুরনো চামড়ার ব্যাগ—দেখলেই বোঝা যায় অনেক বর্ষা কাটিয়েছে।

“আরে হ্যাঁ, বসুন বসুন,” বলল সৌভিক, বইটা বন্ধ করে কাপটা একপাশে সরিয়ে। “তবে বলে রাখি, চেয়ারটা একটু কিন্তু নড়বড়ে।”

মেয়েটা বসে হেসে বলল, “আমি নড়বড়ে চেয়ারে অভ্যস্ত। আমি মাস্টারনি—আমাদের স্কুলের চেয়ারগুলো সাহেবদের আমল থেকে নাচতে নাচতে এসেছে।”

বৃষ্টি জোরালো হতে থাকল আর সাথে সাথে কফি হাউসও ভরে উঠল। তাদের টেবিলটা যেন হয়ে উঠল একটা শান্ত দ্বীপ—চারপাশে উত্তাল সমুদ্র, গরম আড্ডা, কাপের খনখন শব্দ, মাঝে মাঝে তুমুল রাজনৈতিক তর্ক—যা কফি হাউসের চরিত্রের অংশ, কফির মতোই।

“আমি মীরা,” বলল মেয়েটা, হাত এগিয়ে দিয়ে।

“সৌভিক।” করমর্দন করতে গিয়ে অনুভব করল তার হাতের মুঠোয় আত্মবিশ্বাস। “আপনি কোথায় পড়ান?”

“শ্যামবাজারে, একটা হাই স্কুলে বাংলা পড়াই। আর আপনি?”

“এখানেই কাছে একটা পাবলিশিং হাউসে। আমরা মূলত বাংলা বইপত্র নিয়ে কাজ করি।” বইয়ের দিকে তাকিয়ে বলল, “যদিও রবীন্দ্রনাথ সম্পর্কে আপনার জ্ঞান আমার চেয়ে অনেক বেশি হবে।”

মীরা খিল খিল করে হেসে উঠল—এমন হাসি যেন আটসাট কফি হাউসটাকে প্রাণবন্ত করে দিল। “আরে, আমি তো আমার বাচ্চাদের ‘গীতাঞ্জলি’ গিলিয়ে দিই, তাই হয়তো আমার একটা অন্যায় সুবিধে হয়ত আছে।”

ছাদে বৃষ্টির মৃদু ঢিপঢিপ শব্দের মাঝে দুজনের কথা চলতে থাকল। সৌভিক জানল মীরা মাঝে মাঝে কফি হাউসে আসে। শ্যামবাজারে বাড়ির কাছে একটা ফুলের বাজার বসে, সেখানে ক্লাসরুমের জন্য কিছু রজনীগন্ধা কিনে নিয়ে ক্লাসে যায়। মীরা জানল সৌভিক বালিগঞ্জে দিদিমার সাথে থাকে, যিনি সৌভিকের রান্নার উৎসাহ সত্ত্বেও রবিবার মাছের তরকারি রাঁধার দায়িত্ব ছাড়েন না।

“দিদিমার ধারণা আমি ভালো মাছ না খেলে অকালে মরে যাব,” বলল সৌভিক, কফি নাড়তে নাড়তে। “গড়িয়াহাটের মাছ ছাড়া আর কিছুতে উনার আস্থা নেই।”

“দিদিমা ঠিকই বলেছেন। আমার মাও সবজি কিনতে নিউ মার্কেট পর্যন্ত যান, কারণ ওখানকার দোকানিরা নাকি আমার ঠাকুমাকে চিনত।ওরা নাকি কখন ঠকাবে না।”বৃষ্টি থামার নাম নিচ্ছে না, আর তাদের গল্পগুজবও না। দুজনেই কলেজ ষ্ট্রীটের একই ছোট্ট বইয়ের দোকান পছন্দ করে, দুজনেই মনে করে সল্টলেকের নতুন মল পুরানো বাজারের তুলনায প্রাণহীন,

আর সত্যজিৎ রায় না মৃণাল সেন—এই নিয়ে দুজনের মতামত ভিন্ন। 

“এবার উঠি,” বলল মীরা একসময়, কিন্তু উঠবার কোনো তাড়া নেই। “বাচ্চারা ভাববে তাদের খাতাগুলো কোথায় গেল।”

সৌভিক ঘড়ি দেখে অবাক—দুই ঘণ্টা কেটে গেছে! “বৃষ্টাটা কমে এসেছে মনে হচ্ছে।”

তাঁকে সমর্থন করলেন। একদিন ইন্দ্রাণী শান্তভাবে আমাকে বলেছিল, “এই সম্পর্কের মধ্যে আমি নিজেকে খুঁজে পাচ্ছি না। তুমি কোনোভাবেই খারাপ মানুষ নও। কিন্তু জীবনসঙ্গী হিসেবে আমরা একে অপরের সঙ্গে মানিয়ে নিতে পারিনি। হয়তো আমাদের আলাদা পথেই হাঁটা উচিত।” কথাগুলো শুনে আমার ভেতরটা যেন ভেঙে গিয়েছিল। আমি বিচ্ছেদ চাইনি। তবুও তার ইচ্ছা এবং আত্মসম্মানের প্রতি শ্রদ্ধা জানিয়ে শেষ পর্যন্ত পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদের কাগজে স্বাক্ষর করলাম। সেই স্বাক্ষরের মূল্য ছিল অনেক। তার বিনিময়ে বিসর্জন দিতে হয়েছিল অসংখ্য স্বপ্ন, অগণিত স্মৃতি এবং বহু বিনিদ্র রাত। আমার জীবনের নাটকের একটি অধ্যায়েরও সেদিন যবনিকা পতন ঘটেছিল । আইনি প্রক্রিয়ার মাধ্যমে অল্পদিনের মধ্যেই আমাদের বিবাহবিচ্ছেদ সম্পূর্ণ হল। যেদিন ইন্দ্রাণী আমাদের ঘর ছেড়ে চলে গেল, সেদিন দরজার কাছে দাঁড়িয়ে আমি তাকে শেষবারের মতো দেখছিলাম। তাকে আটকানোর প্রবল ইচ্ছা হয়েছিল। কিন্তু মনে হয়েছিল, ভালোবাসার নামে কাউকে তার ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখার অধিকার আমার নেই।

সেদিন ঈশ্বরের কাছে আমার একটাই প্রশ্ন ছিল…. “হে ঈশ্বর, কোন জন্মের পাপের জন্য তুমি আমাকে এমন শাস্তি দিলে?” কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমি বুঝতে শিখলাম, সব বিচ্ছেদ পাপের ফল নয়। কখনও কখনও দুজন মানুষই ভালো হতে পারে, অথচ স্বামী-স্ত্রী হিসেবে তারা একে অপরের জন্য উপযুক্ত নাও হতে পারে। ভালো মানুষ হওয়া আর ভালো জীবনসঙ্গী হওয়া…দুটি সবসময় এক বিষয় নয়।

জীবনের এই বেদনাদায়ক অধ্যায় আমাকে একটি গভীর সত্য শিখিয়েছে। বিয়ে কেবল দুটি শরীরের মিলন নয়; এটি দুটি মন, দুটি মানসিকতা এবং দুটি জীবনের দীর্ঘ পথচলা। ভালোবাসার পাশাপাশি একটি সম্পর্কের জন্য প্রয়োজন পারস্পরিক শ্রদ্ধা, স্বাধীনতার মর্যাদা, বোঝাপড়া এবং খোলামেলা যোগাযোগ।

শুধু সমাজ কী বলবে? এই ভয়ে একটি ভেঙে যাওয়া সম্পর্ককে টেনে নিয়ে যাওয়া যেমন ঠিক নয়, তেমনি ছোটখাটো মতপার্থক্যকে অহংকারের সংঘাতে পরিণত করে সম্পর্ককে ধ্বংস করাও সমাধান নয়। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে দুজনকেই শুনতে হয়, বুঝতে হয়, প্রয়োজন হলে নিজেদের কিছুটা বদলাতেও হয়। আর যখন কোনো সম্পর্ক সত্যিই আর টেকসই থাকে না, তখন পরস্পরের প্রতি সম্মান বজায় রেখে আলাদা হয়ে যাওয়াও কখনও কখনও জীবনের কঠিন কিন্তু প্রয়োজনীয় সিদ্ধান্ত হতে পারে।

আজও শিলিগুড়ির কোনো হিমেল সন্ধ্যায় জানালার পাশে বসে থাকলে ইন্দ্রাণীর মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে। আমি জানি, সে আর কোনোদিন আমার কাছে ফিরে আসবে না । তবুও মনে মনে তাকে বলি….“ইন্দ্রাণী, তুমি যেখানেই থাকো, ভালো থেকো” আমাদের গল্প অসম্পূর্ণ রয়ে গেছে বলেই যে জীবনও শেষ হয়ে গেছে, তা তো নয়।  কিছু সম্পর্ক জীবনে থেকে যায় না, কিন্তু তাদের স্মৃতি আমাদের বদলে দেয়। কিছু মানুষ আমাদের পাশে থাকে না, অথচ তাদের দেওয়া অভিজ্ঞতা সারাজীবন আমাদের সঙ্গে পথ চলে।

শিলিগুড়ির রাত আরও গভীর হয়ে এসেছে। জানালা দিয়ে হিমেল বাতাস ঘরে ঢুকছিল। আমি চোখ বন্ধ করলাম। গাল বেয়ে নেমে এল দু-ফোঁটা অশ্রু। আমি ইন্দ্রাণীর স্মৃতিগুলো এতদিন আঁকড়ে ধরে রেখেছিলাম। কিন্তু সেদিন প্রথমবার তাকে মুক্ত করে দিলাম….আমার মন থেকেও। কারণ প্রকৃত ভালোবাসা মানে কাউকে নিজের করে পাওয়ার জন্য তার স্বাধীনতা কেড়ে নেওয়া নয়। প্রকৃত ভালোবাসা কখনও কখনও প্রিয় মানুষটির সুখের জন্য তাকে নিজের জীবন থেকে মুক্ত করে দেওয়ার নামও। ইন্দ্রাণী তার পথে চলে গেছে। আমিও জীবনের বাকি পথটুকু নিজের মতো করে হাঁটব। একাকিত্ব হয়তো আমার সঙ্গী হবে, কিন্তু অতীতকে অভিশাপ দিয়ে আমি ভবিষ্যৎকে নষ্ট করতে চাই না।

মনে পড়ে গেল রবীন্দ্রনাথ ঠাকুরের সেই অমর পঙ্ক্তি…“যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে….” হয়তো সম্পর্কের শেষ অধ্যায় এখানেই শেষ। কিন্তু জীবনের শেষ অধ্যায় এখনও লেখা হয়নি।

প্রবন্ধ

subrata majumder_edited.jpg

শ্রীরামকৃষ্ণ ও কল্পতরু দিবসের মাহাত্ম্য: আধ্যাত্মিক উত্তরণের

এক অনন্য উপাখ্যান

সুব্রত মজুমদার 

হিউস্টন, টেক্সাস 

ramkrishna_edited.png

কাশীপুরের সেই পড়ন্ত বিকেল আর বাগানঘেরা নির্জনতা আজও যেন কথা বলে ওঠে পহেলা জানুয়ারির আবহে। ১৮৮৬ সালের সেই দিনটি কেবল ক্যালেন্ডারের পাতায় একটি তারিখ ছিল না, বরং সেটি ছিল মানুষের হৃদয়ে আধ্যাত্মিক বিপ্লবের এক মাহেন্দ্রক্ষণ। ক্যান্সার আক্রান্ত জীর্ণ শরীর নিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেদিন যখন ধীরে ধীরে বাগানে নেমে এলেন, তখন চারপাশে এক অদ্ভুত নীরবতা। ভক্তরা তাঁকে ঘিরে ধরতেই নাট্যকার গিরিশ ঘোষের সেই অমোঘ ঘোষণা— "যাঁর কথা ব্যাস-বাল্মীকি লিখে শেষ করতে পারেননি, তিনি আজ আমাদের সামনে।" ঠাকুরের মুখে ফুটে উঠল এক অপার্থিব হাসি। মুহূর্তেই তিনি হয়ে উঠলেন এক জীবন্ত ঈশ্বরীয় সত্তা।

সেই বিশেষ ক্ষণে ঠাকুরের মুখে উচ্চারিত হয়েছিল এক চিরন্তন আশিসবাণী— "তোমাদের আর কী বলব? তোমাদের চৈতন্য হোক।" এই কয়েকটি শব্দের মধ্যে নিহিত ছিল জগতের সমস্ত জ্ঞানের নির্যাস। তিনি সেদিন কোনো মূর্তির মতো অনড় দাঁড়িয়ে ছিলেন না, বরং একে একে ভক্তদের স্পর্শ করে জাগিয়ে তুলেছিলেন তাঁদের ঘুমন্ত আধ্যাত্মিক চেতনা। রামচন্দ্র দত্ত এই দৃশ্য দেখেই বলে উঠেছিলেন, ঠাকুর আজ 'কল্পতরু' হয়েছেন। তবে পুরাণের সেই কল্পতরু গাছ যা যা চায় তা-ই দিয়ে দেয়, কিন্তু শ্রীরামকৃষ্ণ ছিলেন এক বিবেচক কল্পতরু। তিনি জাগতিক অর্থ বা ক্ষমতা নয়, বরং অকৃপণভাবে বিলিয়ে দিয়েছিলেন অভয় আর ঈশ্বরীয় প্রেম। কাশীপুর উদ্যানবাটির সেই গাছপালা আর বাতাস সেদিন এক অলৌকিক আনন্দের সাক্ষী হয়েছিল। কেউ হাসছিলেন, কেউ বা কান্নায় ভেঙে পড়ছিলেন, আবার কেউ গভীর ধ্যানে স্থির হয়ে গিয়েছিলেন। এই দিনটিই আজ বিশ্বজুড়ে 'কল্পতরু উৎসব' বা 'কল্পতরু দিবস' হিসেবে পালিত হয়। এটি কেবল শ্রীরামকৃষ্ণের একটি বিশেষ দিন নয়, বরং মানুষের বিশ্বাস ও পরমেশ্বরের করুণার মিলনের এক উজ্জ্বল প্রতীক। সেই আশীর্বাদ আজও ফুরিয়ে যায়নি; ভক্তদের বিশ্বাস, আজও যদি কেউ আকুল হয়ে সেই মহাজীবনের কাছে প্রার্থনা করে, তবে তিনিও শ্রীরামকৃষ্ণের সেই 'চৈতন্য হোক' আশিসবাণীর পরশ পেতে পারেন। এই আধ্যাত্মিক ঐতিহ্যের মূল কথাটি হলো—অন্ধকার থেকে আলোর পথে ফেরা, আর অজ্ঞানতা ঘুচিয়ে নিজের ভেতরের ঈশ্বরত্বকে চিনে নেওয়া।

সেই পরমপুরুষ শ্রীরামকৃষ্ণ—যিনি যুগাবতার এবং ত্যাগের মূর্ত প্রতীক—তাঁর চরণে জানাই বিনম্র শ্রদ্ধা ও সশ্রদ্ধ প্রণাম। তাঁর অমৃতবাণী এবং কল্পতরু স্বরূপ আমাদের জীবনের পথচলাকে আরও শুদ্ধ ও আলোকিত করুক। যুগাবতার শ্রীরামকৃষ্ণ ও তাঁর এই দিব্য লীলার প্রতি আমার গভীর ভক্তি ও প্রণাম নিবেদন করছি।

প্রবন্ধ

subrata majumder_edited.jpg

ব্রিটিশ শাসন নয়,

স্বাধীনতাই ভারতের

সাফল্যের উৎস

সুব্রত মজুমদার 

হিউস্টন, টেক্সাস 

india_edited.png

রোদ যখন নিষ্ঠুরভাবে ফাটলধরা মাটির উপর পড়ে, তখন পৃথিবীটাই যেন থমকে যায়। দক্ষিণ ও পূর্ব ভারতের সেই দুর্ভিক্ষপীড়িত গ্রামগুলোতে দিনের আলো নামত এক ভৌতিক নিস্তব্ধতা নিয়ে। টিনের কলসিতে ঢং করে জল পড়ার শব্দও তখন আর নেই—পোড়া মাটিতে শুধু ধূলোর গন্ধ, দগদগে ক্ষুধা, আর ক্লান্ত মানুষের নিঃশ্বাস।
মায়েরা সন্তানের কপালে হাত রাখত, আশা করত তাতে যেন ক্ষুধার যন্ত্রণা একটু থামে। কিন্তু ক্ষুধা সেই পরশমণি নয়—সেটা ছিল দস্যু, যে প্রথমে শক্তি কেড়ে নিত, তারপর কণ্ঠস্বর, তারপর জীবন।
যেখানে আগুন জ্বলা ভাতের গন্ধ থাকার কথা, সেখানে ছিল শুধু রাতভর পোড়া বাতাস। কেউ কেউ পাতার রস খেয়ে বেঁচে থাকার চেষ্টা করত; কেউ আবার ঘাসের সাথে সামান্য গুড় মিশিয়ে শিশুকে খাওয়াত। ক্ষুধা এমনই এক শক্তি, যা সুস্থ গন্ধ, স্বাদ, স্পর্শ—সবকিছুকেই বিকৃত করে দেয়। চোখে দেখা যেত কঙ্কালসার অবয়ব, কানে ভেসে আসত অস্পষ্ট গোঙানি, চামড়ায় লেগে থাকত উষ্ণ ধুলোর খোঁচা; শুধু স্বাদে থাকত কষ্টের লবণ এবং শেষ আশার তিক্ততা।
এভাবেই ভারতের বিভিন্ন প্রদেশে দুর্ভিক্ষ বারবার আঘাত করেছিল। আর ১৯৪৩—বেঙ্গলের ইতিহাসের সবচেয়ে ভীতিকর বছর—যখন প্রায় তিন মিলিয়ন মানুষ মারা গেলেন। দুর্ভিক্ষের কারণ ‘প্রাকৃতিক’ বলে বারবার ব্যাখ্যা করা হলেও সত্য হল—খাদ্য ছিল, নৌকা ছিল, সুযোগ ছিল; অনুপস্থিত ছিল কেবল মানবিকতা। ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ছিলেন নির্মমভাবে উদাসীন। ভারতের মানুষ খাবার না পেয়ে মারা যাচ্ছে—এ কথা তাঁকে বিচলিত করেনি। বরং তিনি শস্য পাঠাতে অস্বীকৃতি জানান এবং অকথ্য মন্তব্য করেন। মানবতার কাছে এই অধ্যায় আজও এক লজ্জাস্থান।
তারপরও আজ বহু মানুষ বিশ্বাস করেন—“ব্রিটিশরা কিছু ভালো রেখে গেছে”—রেলওয়ে, আইনব্যবস্থা, ইংরেজি শিক্ষা। কিন্তু স্বাধীনতার পর ভারতের অগ্রগতি বলছে—ব্রিটিশ শাসন না থাকলে ভারত আরও অনেক আগে, আরও স্বাভাবিক ছন্দে এগোতে পারত।
চীন তার উদাহরণ। শত বিপর্যয় সত্ত্বেও চীন নিজের সিদ্ধান্ত নিজে নিয়েছে—কখন উঠবে, কখন পড়বে, কিভাবে আবার উঠবে। কোনো বিদেশি শক্তি তাকে থামিয়ে রাখেনি, তাই সে নিজের গতিতে বেড়েছে। ভারতেরও সেই সম্ভাবনা ছিল—যদি তাকে শৃঙ্খলে আবদ্ধ না রাখা হত।
স্বাধীন ভারতের গল্প এই সত্যকে আরও প্রখর করে তোলে। সাক্ষরতা ১৮ শতাংশ থেকে আজ ৮০ শতাংশের উপরে। একসময় দান হিসেবে খাদ্য নিতে বাধ্য হওয়া দেশ আজ মহাকাশে নিজস্ব রকেট পাঠায়, চন্দ্রযানে পৌঁছে যায় দক্ষিণ মেরুতে—যেখানে পৃথিবীর কোনো দেশের মহাকাশযান আগে পৌঁছতে পারেনি। বিশ্ব অর্থনীতিতে ভারত এখন শীর্ষস্থানীয়—চতুর্থ বৃহত্তম অর্থনীতি। দারিদ্র্য কমেছে, চিকিৎসা উন্নত হয়েছে, প্রযুক্তি ভারতের নতুন পরিচয়।

যারা বলেন ব্রিটিশরা সমাজ সংস্কার করেছে—সতি, বাল্যবিবাহ, নারী শিক্ষা—তারা ভুলে যান রামমোহন রায়, বিদ্যাসাগর, কেশবচন্দ্র সেনদের কথা। এসব সংস্কার ভারতের অভ্যন্তরেই জন্ম নিয়েছিল। পশ্চিমা সমাজেও কত লুকানো অন্ধকার—এপস্টিনের মতো নৃশংস অপরাধীরা ক্ষমতার আড়ালে রক্ষা পায়—যা দেখে মনে হয়, ‘নৈতিক শ্রেষ্ঠত্ব’ দাবি করার আগে নিজের আয়নাটা দেখা উচিত।ব্রিটিশরা যে কখনো ভারতীয়দের সঙ্গে মিশে সমাজ-সংস্কৃতির সেতুবন্ধন তৈরি করতে চায়নি—এটাও এক বড় সত্য। মুঘলরা আন্তঃবিবাহ, সাংস্কৃতিক মেলবন্ধন, ভাষার আদানপ্রদানের মাধ্যমে এক যৌথ পরিচয় তৈরি করেছিলেন। ব্রিটিশরা ঠিক উল্টো। তারা নিজেদের আলাদা রেখে একধরনের সামাজিক দূরত্ব সৃষ্টি করেছিল। অ্যাংলো–ইন্ডিয়ান সম্প্রদায় সেই বিচ্ছিন্নতার ফল—যারা দুই সংস্কৃতির মাঝখানে দাঁড়িয়ে থেকেও কোনোটি পুরোপুরি পায়নি। ব্রিটিশ শাসন জনগণকে খণ্ডিত করেছিল—ধর্ম, জাতি, গোষ্ঠী ইত্যাদি ভেদাভেদ বাড়িয়ে। “মার্শাল রেস”, পৃথক নির্বাচন, কঠোর শ্রেণিবিন্যাস—এসব বিভাজন স্বাধীনতার পরে দেশকে বড় মূল্য দিতে বাধ্য করেছে।
হ্যাঁ, ইতিহাসের ব্যাখ্যা একমুখী হয় না। অনেক গবেষক বলেন—ইউরোপের শিল্পবিপ্লবও ভারতের অর্থনৈতিক পতনের কারণ। কেউ কেউ ‘ড্রেন থিওরি’র পরিমাণ নিয়ে প্রশ্ন তোলেন। এসব বিতর্ক ইতিহাসকে সমৃদ্ধ করে—কিন্তু শোষণের মূল সত্য অস্বীকার করে না।
সব মিলিয়ে একটি সত্য পরিষ্কার থাকে—ঔপনিবেশিক শাসন ছিল ভারতের স্বাভাবিক বিকাশের প্রধান অন্তরায়। ভারতের আজকের সাফল্য—স্বাধীনতার শক্তি, আত্মবিশ্বাস, এবং এক অদম্য জাতীয় ইচ্ছাশক্তির ফল।
ভারত যতই এগোচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে—সাম্রাজ্যের উত্তরাধিকার নয়, ভারতের নিজস্ব শক্তিই আজকের ভারতের প্রকৃত পরিচয়।
শেষ পর্যন্ত ইতিহাস চর্চা মানে কারুর ওপর রাগ করা নয়, কাউকে অপমান করা নয়- নিজেকে জানা। নিজের সংগ্রাম, নিজের পুনর্জন্ম, নিজের ভবিষ্যতের প্রতি দৃঢ় বিশ্বাস।
তাই আজকের ভারত বলে—
এই পথ আমি নিজে বেছে নিয়েছি।

এই সাফল্য আমার নিজের।


লেখকের মন্তব্যঃ 
ভারতের ইতিহাস আমার কাছে কেবল পাঠ্যবইয়ের তথ্য নয়—এটা আমার শৈশবের গল্প, আমাদের পরিবারের কথকতা, দাদু-ঠাকুমার মুখে শোনা সংগ্রামের স্মৃতি। ছোটবেলায় কলকাতার গরম দুপুরে দাদুর মুখে শুনেছি ১৯৪৩-এর দুর্ভিক্ষের কথা—কীভাবে মানুষ লাইনে দাঁড়িয়ে থেকেও একমুঠো চাল পেত না, কীভাবে অনেকেই রাতের অন্ধকারে নিঃশব্দে চলে যেত। বড় হতে হতে বুঝেছি—এই ঘটনাগুলো কেবল এক প্রজন্মের নয়, একটি জাতির আত্মপরিচয়ের অংশ।
আজ বিশ্বমঞ্চে ভারতকে যখন শক্তিশালী ভূমিকা নিতে দেখি—মহাকাশে সাফল্য, প্রযুক্তিতে বিপ্লব, অর্থনীতিতে উত্থান—তখন মনে হয়, ভারত সবসময়ই পারত। শুধু সুযোগটা ছিনিয়ে নেওয়া হয়েছিল।
এই উপলব্ধি থেকেই আমি এ প্রবন্ধটি লিখতে চেয়েছি—কারণ ইতিহাস জানার মধ্যেই আছে এক ধরনের মুক্তি।
মুক্তি নিজের ভুল বোঝাবুঝি থেকে, মুক্তি অন্যের তৈরি গল্পের ভিতর আটকে থাকার বৃত্ত থেকে।
ভারতের অর্জন ভারতেরই।

সেটা মনে করিয়ে দিতেই এই লেখা।

প্রবন্ধ

subrata majumder_edited.jpg

প্রশ্নটাই আসল

চাকরি

সুব্রত মজুমদার 

হিউস্টন, টেক্সাস 

youngman_edited.png

কিছু লেখা পড়ে প্রথমে হাসি পায়। তারপর হঠাৎ করে হাসিটা থেমে যায়— মনে হয়, এ তো আমারই কথা।
ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করে বেরোনোর সেই সময়টায়, যখন ডিগ্রি ছিল, আত্মবিশ্বাস ছিল, কিন্তু চাকরি ছিল না। আর সবচেয়ে বড় কথা—কোনও “লাইন” ছিল না। আমার অনেক বন্ধু তখন ভালো চাকরি পেয়ে গেল। তারা সবাই যে বেশি মেধাবী ছিল, তা নয়। কিন্তু তাদের একটা বাড়তি যোগ্যতা ছিল—পরিচিতি। কাকা, মামা, বাবার বন্ধু—এই অদৃশ্য সিঁড়ি বেয়ে তারা সহজেই ওপরে উঠে গেল। আর আমি? আমি সেই দলে পড়েছিলাম, যারা যোগ্য ছিল ঠিকই, কিন্তু সংযোগের দুনিয়ায় সংখ্যালঘু।
কেউ আমাকে অপমান করেনি। কেউ বলেনি, “তুমি অযোগ্য।” কিন্তু চারপাশের নীরবতা বুঝিয়ে দিয়েছিল—এই খেলায় শুধু ডিগ্রি যথেষ্ট নয়।
তখনই প্রথম বুঝেছিলাম, বেকারত্ব মানে শুধু কাজ না থাকা নয়। বেকারত্ব একটা মানসিক অবস্থা। প্রতিদিন সকালে উঠে নিজেকে বোঝানো—আজ না হোক, কাল হবে। আর সমাজকে বোঝানো—“চেষ্টা চলছে।” আমাদের সমাজে আসলে দু’ধরনের মানুষ থাকে।
একদল কাজ করে। আরেকদল প্রশ্ন করে—“এখন কী করছ?”
এই প্রশ্নটা নিরীহ নয়। এটা একটা ছোট্ট আদালত। উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গেই চোখের ভাষায় রায় হয়ে যায়। আমি তখন চাকরি করতাম না, তাই প্রশ্নটা সরাসরি আমাকেই করা হতো। আর যারা চাকরি করত, তারা একটু দূরে দাঁড়িয়ে দেখত—যেন নাটক চলছে, আর তারা নিরাপদ দর্শক।
আমি বলতাম, “চেষ্টা চলছে।” এই শব্দদুটো অদ্ভুত। এর কোনও শেষ নেই, কোনও প্রমাণ নেই—তবু সবাই ধরে নেয়, কিছু একটা নিশ্চয়ই হচ্ছে।

চাকরির বাজার যেমন তখন সংকুচিত ছিল, বিয়ের বাজারও তেমনই কঠিন ছিল বেকারদের জন্য। যাদের চাকরি ছিল, তারা শুধু তাড়াতাড়ি বিয়ে করেনি— তারা ভালো দেখতে মেয়েও পেয়েছিল। আমরা যারা তখন বেকার ছিলাম, তাদের বিয়ের আলোচনা শুরুই হতো না।
জীবনবৃত্তান্তে চাকরির ঘরটা ফাঁকা থাকলে,চেহারা, রুচি, ব্যক্তিত্ব— সবই হঠাৎ অদৃশ্য হয়ে যেত।
তখন বুঝেছিলাম— চাকরি শুধু রোজগারের উপায় নয়, এটা সামাজিক সৌন্দর্যের সনদ। বেকার ছেলেদের সমাজে একটা নির্দিষ্ট ভূমিকা থাকে। যেখানে সময় লাগে, সেখানেই বেকার। বিয়েবাড়িতে শেষ পর্যন্ত থাকা, মুখেভাতে চেয়ার সরানো, স্টেশন থেকে রিসিভ— সবখানেই বেকারদের ডাকা হয়।
কারণ সমাজ জানে, ওদের হাতে সময় আছে। আর সময় থাকলে দায়িত্ব চাপানো সহজ। কিন্তু এই হাসি–মজার আড়ালে একটা প্রশ্ন ঘুরতে থাকে—
“আমি কি সত্যিই অকেজো?”
এই প্রশ্নটা কেউ করে না। নিজেকেই করতে হয়। তখন কেউ কেউ নিরাপদ উত্তর শিখে ফেলেছিলাম— “C.A. পড়ছি।” এই উত্তরটা ম্যাজিক। এর পরে আর কোনও প্রশ্ন নেই। বড় কোর্স মানেই বড় সম্ভাবনা। পাশ করেছ কি না, সেটা সমাজ আর খোঁজ নেয় না। আজ এত বছর পরে পিছনে তাকিয়ে বুঝি—
আমরা যারা তখন বেকার ছিলাম, তারা অলস ছিলাম না। আমরা শুধু অপেক্ষায় ছিলাম— একটা সুযোগের, একটা ভরসার। আর যারা তখন খুব তাড়াতাড়ি চাকরি পেয়েছিল, তাদের অনেকেই আজও নিজেদের জিজ্ঞেস করছে— এই সব কিছুর মানে কী? এখন ছবিটা আরও পরিষ্কার।
কারণ সময় এগিয়েছে— আমি চাকরি করেছি, অবসর নিয়েছি। কিন্তু প্রশ্নটা বদলায়নি। শুধু শব্দ গুলো পালটেছে। এখন  জিজ্ঞেস করে— “আচ্ছা, এখন তো তুমি রিটায়ার্ড, সময় কাটাও কী করে?” আমি হেসে ফেলি। কারণ বুঝে গেছি—
প্রশ্নের কোনও অবসর নেই। তখন ছিল—“এখন কী করছ?” এখন হয়েছে—“সময় কাটাও কী করে?”
কাজ বদলায়, পরিচয় বদলায়, কিন্তু সমাজের কৌতূহলটা অবসর নেয় না। তাই এখন আর ঘাবড়াই না। শান্ত গলায় বলি— “নিজেকে খুঁজছি।” এই উত্তরটার কোনও ফলো-আপ নেই। কোনও চাকরি নেই। কোনও বিয়ের বাজার নেই। কোনও অবসর পরিকল্পনাও নেই। আর ভগবান? তিনি তখনও ছিলেন। বেকার দিনেও ছিলেন। চাকরি পাওয়ার পরেও ছিলেন। অবসরেও আছেন। থাকুন বা না থাকুন— বিশ্বাসটা রয়ে গেছে। অভ্যাসের মতো। নীরবে।

প্রবন্ধ

subrata majumder_edited.jpg

ফুচকাঃ শুধু একটি খাবার নয়, বাঙালির নস্টালজিয়া

সুব্রত মজুমদার 

হিউস্টন, টেক্সাস 

fuchka_edited.png

 অঙ্কনঃ শঙ্খ ব্যানার্জী

আমার ছোটবেলার কলকাতা মানেই ছিল এক বিশেষ ফুচকাওয়ালা—
গরম বিকেলের শেষ আলোটি যখন রাস্তার ধুলো পেরিয়ে হালকা সোনালি হয়ে উঠত, তখনই ভিড় জমতে শুরু করত সেই ফুচকাওয়ালার চারপাশে। আশ্চর্যের বিষয়—তিনি দাঁড়িয়ে থাকতেন ঠিক মাঝখানে, অভিমন্যুর মতো ,আর চারদিকে গোল হয়ে দাঁড়িয়ে থাকত কত রঙের, কত বয়সের মানুষ। পাশের রাস্তায় দামি গাড়ির হর্ন, মলে যাওয়ার ভিড়, অফিসকর্মীর ব্যস্ত পা—সব কিছুকে যেন অগ্রাহ্য করে সবাই মজে থাকত তাঁর ছোট্ট বেত দিয়ে বানান টেবিল এর সামনে।

যার চারপাশে রোজ যেন একটা ছোট্ট মহাভিড় জমত। তিনি দাঁড়াতেন একটা অদ্ভুত কাঁপাকাঁপা কাঠের টেবিলের পেছনে, পাতলা কাঠের টুকরো জোড়া দিয়ে বানানো,টেবিল বলতে যেটা বোঝায়,  সেরকম শক্তপোক্ত কিছুই নয়—পাতলা কাঠের বা বেতের  টুকরো জোড়া দিয়ে বানানো একটি সামান্য, নড়বড়ে কাঠের আস্তরণ।  কিন্তু তাতে কেমন পরিপাটি করে সাজানো থাকত তাঁর রাজ্যের সব সম্পতি - পাহাড়ের মত রাখা মুচমুচে পুরির ঝুড়ি, তেঁতুল জল ওপরে কুচিকুচি ধনেপাতা ভাসছে , আলুর পুর, ছোলা, ভাজা মশলার কৌটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। টেবিলের আশপাশের বাতাসে ভেসে বেড়াত এক অদ্ভুত মিশ্র গন্ধ—তেঁতুলের টক জল, ভাজা ধনে-জিরের ধোঁয়া, পেঁয়াজ কুচির ঝাঁঝ, সর্ষের তেলের তীব্রতা… যেন কোনো রাস্তার ওপেন-এয়ার পারফিউম এর সিম্ফনি। এটাই নস্টালজিয়া, এটাই কলকাতা। 
এমনকি বই-ভর্তি ব্যাগ নিয়ে কলেজের মেয়ে, কিংবা গাড়ি থেকে নেমে আসা কর্পোরেট অফিসার—সবার চোখে একই আলো। ফুচকার সামনে দাঁড়ালে সবাই সমান।

আর তার চারদিকে গোল হয়ে দাঁড়িয়ে থাকত বিভিন্ন রঙের জীবন। দামি গাড়ি থেকে নামা ধনী মানুষ, অফিসফেরত ক্লান্ত কর্মী, কলেজের হেসে-খুন হওয়া জুটি, পাড়ার বুড়ো কাকু, আর স্কুলড্রেস পরা বাচ্চারা—সবাই এক মুহূর্তের জন্য সমান হয়ে যেত তাঁর সামনে।
চারপাশে কোলাহল—হাসি, কথাবার্তা, “দাদা একটু ঝাল কম”, “আমারটা ডাবল মশলা দিন” “ “আমারটা কিছু না দিয়ে”—সব মিশে এক অনন্য কলকাতার সুর হয়ে উঠত। আর ফুচকাওয়ালার নিজের কণ্ঠ? অদ্ভুত শান্ত।
“হ্যাঁ বৌদি, এবার আপনার।”
“দাদা, একটু সরে দাড়ান ,বাচ্চাটাকে একটা দি।”
“এই যে বাবু মশাই, তোমারটা বাড়তি মশলা হয়ে গেল।”
হঠাৎ একটা ফুচকা ফেটে গেলে চটাস করে যে শব্দ—সেই শব্দে যেন এক মুহূর্তের জন্য সবাই থমকে তাকাত। তবু তিনি হাসতেন—এমন হাসি, যেন ভুল করলেও রাগ নয়, বরং মজা পেতেন।
বাতাসে ভাসত এক অদ্ভুত নেশাময় গন্ধ—তেঁতুলের টক, ভাজা জিরে-ধনে লঙ্কার ধোঁয়া, সর্ষের তেলের ঝাঁঝ—যা যেন রাস্তার ধুলো আর মানুষের কোলাহলের সঙ্গে মিশে একটা আলাদা কলকাতা সৃষ্টি করত। তাঁর হাত চলত অবিশ্বাস্য দ্রুততায়—এক হাতে পুরি ফাটানো, আরেক হাতে আলুর পুর ভরা, তারপর  ডোবা (প্রত্যেকর বাড়ির মায়েরাই বলতেন) থেকে উঠিয়ে আনা ঠান্ডা টক জলের শীতলতা-সেই জলে চুবিয়ে বাড়িয়ে দেওয়া—সব যেন এক অদৃশ্য ছন্দে বাঁধা।
ফুচকা মুখে যেতেই তেঁতুলের টক- ধারালো ঝাঁঝ, কাঁচা লঙ্কার আগুন, সর্ষের তেলের তীব্র কামড়, আলুর নরম মাখামাখি, ছোলার টেক্সচার—সব বিস্ফোরিত হত একসঙ্গে। চারধারের ভিড় যেন মিলিয়ে যেত। শুধু এক মুহূর্ত থাকত—স্বাদের চরম সত্য।
কৈশোরে আমার আর বন্ধুদের মধ্যে একটা অঘোষিত প্রতিযোগিতা ছিল—কে সবচেয়ে বেশি ফুচকা খেতে পারে। পকেটমানি জড়ো করে আমরা পাঁচ-সাত জন দাঁড়িয়ে যেতাম গোল করে। কেউ কেউ ৩০-৩৫টা পর্যন্ত যেত, কিন্তু আমি ১৫-এর পরেই হার মেনে বসতাম।
ফুচকাওয়ালা কাকুর ধৈর্য ছিল অসীম। “আর খাবে বাবু?”—এই প্রশ্ন করতেন তিনি এমন ভঙ্গিতে, যেন আমরা কোনো অলিম্পিক খেলায় অংশ নিচ্ছি। আজ মনে হয়, সেই হাসি, সেই স্নেহমিশ্রিত ‘বাবু’ ডাকটাও ফুচকার স্বাদের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল।
কিন্তু সবচেয়ে বেশি আমাকে ভাবাত তাঁর মানুষ চিনে রাখার ক্ষমতা।
কে কয়টা খেল—কে কি ভাবে চাইল , এটা তিনি কীভাবে মনে রাখতেন? কোনো খাতা নেই, টোকেন নেই, টাকা গোনার সময়ও নেই। ভিড়ের মধ্যে এক ধনকুবেরের পরেই এক স্কুলছাত্র, তারপর এক বৃদ্ধা—তবুও তিনি ভুল করতেন না।
ভিড় যতই বাড়ুক, তাঁর মুখের শান্ত হাসি কখনো বদলাত না। আর বাচ্চাদের দিকে একটু ঝুঁকে বাড়তি একটি দিয়ে দিতেন—
“এই নাও বাবাই, তোমারটা ফ্রি… ঝাল নেই।”
বছর পেরিয়ে গেছে, শহর বদলে গেছে, আমি দেশান্তরি হয়েছি—কিন্তু সেই কাঠের টেবিলের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা আজও আমার মনে রয়ে গেছে ঠিক একইভাবে।
মজার কথা, তখনকার দিনে আমার পকেটে কয়েক টাকা থাকলেই আমি নিজেকে রাজা ভাবতাম। সেই টাকায় ফুচকা, বাড়ি ফেরার বাস বা ট্রামভাড়া—সবই হয়ে যেত। প্রথম ফুচকাটা মুখে দিলেই যে টক-ঝাল আর ধোঁয়া ওঠা আলুর গন্ধ—সেই স্বাদ আজও কোনো রেস্টুরেন্টে খুলে সাজানো ‘গোলগাপ্পা প্ল্যাটার’-এ পাই না।

ফুচকা বা পানি পুরি, বা গোলগাপ্পা যে নামেই ডাকা হোক না কেন, এই মুখরোচক খাবারটি দক্ষিণ এশিয়ার মানুষের কাছে এক আবেগ। এর ইতিহাস খুঁজতে গেলে ঠিক একটি নির্দিষ্ট উৎস খুঁজে পাওয়া কঠিন, বরং এটি লোকমুখে প্রচলিত গল্প, মিথ আর আঞ্চলিক বিবর্তনের এক দারুণ মিশ্রণ। ইতিহাসবিদদের মতে, ফুচকার প্রথম সংস্করণটি হয়তো প্রাচীন ভারতের মগধ অঞ্চলে উদ্ভূত হয়েছিল, যা বর্তমান বিহার ও উত্তর প্রদেশের অংশ। প্রায় এক শতাব্দীরও বেশি সময় আগে "ফুলকি" নামে একটি সাধারণ, ছোট এবং মুচমুচে খাবার থেকেই আজকের ফুচকার ধারণা আসে।পৌরাণিক কাহিনীতে এর একটি মজার গল্প রয়েছে। মহাভারতের দ্রৌপদীকে এর উদ্ভাবক বলা হয়। নির্বাসনের সময় যখন তাদের কাছে খাবার খুব কম ছিল, তখন কুন্তী দ্রৌপদীকে সামান্য আলু ও আটা দিয়ে এমন একটি খাবার বানাতে বলেন যা দিয়ে সব ভাইকেই পেট ভরানো যায়। তখন নাকি দ্রৌপদীই এই চমৎকার খাবারটি তৈরি করেছিলেন। যদিও আলুর ব্যবহার ভারতে অনেক পরে শুরু হয়, তাই এটি পুরোপুরি সত্যি না হলেও, গল্পটি বেশ আকর্ষণীয়।রোহন ব্যানার্জি তাঁর বই "দ্য স্টোরি অফ ফুচকা: দ্য কিং অফ স্ন্যাকস"-এ এই খাবারের সাংস্কৃতিক গুরুত্ব এবং বিবর্তনকে সুন্দরভাবে তুলে ধরেছেন। তিনি ফুচকাকে কেবল একটি খাবার হিসেবে দেখেননি, বরং এটিকে "স্ন্যাকসের রাজা" বা "King of Snacks" হিসেবে অভিহিত করেছেন। তাঁর লেখায় এই খাবারের প্রতি মানুষের ভালোবাসা, এর বিভিন্ন আঞ্চলিক রূপ এবং সমাজের সব স্তরের মানুষের কাছে এর জনপ্রিয়তার দিকগুলো ফুটে উঠেছে। ব্যানার্জি দেখিয়েছেন, কীভাবে একটি সাধারণ স্ট্রিট ফুড মানুষের জীবনযাত্রার অংশ হয়ে উঠেছে এবং সময়ের সাথে সাথে এর স্বাদ ও পরিবেশনে পরিবর্তন এসেছে। আমার কাছে ফুচকা শুধুই একটা খাবার নয়, এটা আমার ছোটবেলা আর কৈশোরের স্মৃতি। আমি কলকাতায় বড় হয়েছি, আর আমার বেড়ে ওঠার অনেকটা জুড়ে ছিল এই ফুচকা।

বিদেশে থাকার পরেও যখনই কলকাতায় যাই, ফুচকা খাওয়া আমার কাছে অবশ্য কর্তব্য। অদ্ভুতভাবে, রেস্টুরেন্টে সাজিয়ে দেওয়া পরিচ্ছন্ন ফুচকার চেয়ে রাস্তার ধারের সেই দোকানগুলোতেই আমার বেশি টান। হয়তো সেখানকার পরিবেশ, লোকজনের ভিড়, আর ফুচকাওয়ালার নিজস্ব হাতের জাদু, সব মিলিয়ে স্বাদটা অন্যরকম হয়।
আমি সেই মুহূর্তগুলোর দিকে তাকিয়েই বড় হয়েছি।
রাস্তাঘাটের ধুলোবালি, দুর্দান্ত গন্ধে ভরা টকজল, মানুষের হাসি-ঠাট্টা, আর মাঝখানে দাঁড়িয়ে থাকা একজন সাধারণ মানুষের অসাধারণ মানবিকতা—সবকিছু মিলিয়ে আমার মনে হয়েছিল, ফুচকা শুধু খাবার নয়; এটা কলকাতার একটা চরিত্র।
আজও আমি ভাবি—তিনি কি সত্যিই এতটা বিশেষ ছিলেন, নাকি আমি ছোটবেলায় তাঁর ভেতরেই কলকাতাকে দেখতাম?
সেই টক ঝালের স্বাদ, সেই ভিড়ের উত্তেজনা, আর তাঁর চিরকালীন হাসি—সবই মিশে আছে আমার শৈশবের পাতায়।
যখনই আমি ফুচকা দেখি, সে যেখানেই হোক, আমার প্রথম মনে পড়ে সেই মানুষটাকেই—
আমার স্মৃতির ফুচকাওয়ালা, যিনি ভিড়ের কেন্দ্রবিন্দু হয়েও সবার কাছে সমান প্রিয় ছিলেন।
কলকাতায় আমার প্রিয় কিছু জায়গা আছে। যেমন, ভিক্টোরিয়া মেমোরিয়ালের উল্টোদিকে ফুচকাওয়ালাদের লাইন,  বিবেকানন্দ পার্ক, কিংবা সাউথ সিটি মলের সামনের ফুচকা (এ টা নতুন) এই জায়গাগুলো যেন আমাকে আমার পুরোনো দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যায়, যখন বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে  ফুচকা খেয়ে যেতাম। আমার কাছে ফুচকার স্বাদটা নির্ভর করে বিক্রেতার হাতের স্পর্শ আর রাস্তার সেই চেনা গন্ধের ওপর, পরিচ্ছন্নতার ওপর নয়।
আমি ভাগ্যবান যে ভারতের অন্যান্য জায়গাতেও ঘোরার সুযোগ পেয়েছি এবং সেখানকার গোলগাপ্পা বা পানি পুরি চেখে দেখেছি। কিন্তু সত্যি বলতে, আমার কাছে কলকাতার ফুচকাই সেরা। এই অতুলনীয় সুস্বাদু খাবারের যত বৈচিত্র্যই থাকুক না কেন, আমার হৃদয়ে কলকাতার ফুচকার জায়গাটা একেবারেই আলাদা এবং তা চিরস্থায়ী। পেট যতই ভরা থাকুক না কেন, দু চারটে ফুচকা অনায়াসে  খাওয়া যায়। 
কলকাতার ফুচকা এবং ভারতের অন্যান্য অঞ্চলের (যেমন মুম্বাইয়ের পানি পুরি বা দিল্লির গোলগাপ্পা) স্বাদের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে, যা প্রধানত পুর এবং জলের (pani) তৈরির ধরনের ওপর নির্ভর করে।
প্রধান পার্থক্যগুলো নিচে উল্লেখ করা হলো (অবশ্যিই আমার বেক্তিগত মতামত)
জলের স্বাদ (Pani/Water)
কলকাতার ফুচকা: কলকাতার ফুচকার জল সাধারণত বেশি টক এবং ঝাল হয়, মিষ্টির ভাগটা প্রায় থাকেই না। এতে তেঁতুলের ঘন পাল্প বা ক্বাথ (tamarind pulp) ব্যবহার করা হয় এবং ঝাল ও টক ভাবটা খুব তীব্র হয়। অনেক বিক্রেতা আবার এতে গন্ধরাজ লেবু বা কাগজি লেবুর রস ব্যবহার করেন, যা একটি অনন্য সুগন্ধ যোগ করে।
অন্যান্য অঞ্চলের (বিশেষত মুম্বাই ও দক্ষিণ ভারত): মুম্বাই বা দক্ষিণ ভারতের পানি পুরির জলে প্রায়শই মিষ্টি তেঁতুলের চাটনি (sweet tamarind chutney) এবং ঝাল সবুজ চাটনির (spicy green chutney) একটি সুষম মিশ্রণ থাকে। ফলে স্বাদটা টক-ঝাল-মিষ্টির একটি দারুণ ভারসাম্য বজায় রাখে।
উত্তর ভারত (গোলগাপ্পা): দিল্লির গোলগাপ্পার জল বেশ ঝাল এবং ট্যাঙ্গি হয়, তবে এতে পুদিনা পাতার (mint) গন্ধ বেশি থাকে এবং অনেক সময় ঠান্ডা পরিবেশন করা হয়।
পুর বা ফিলিং (Filling)
কলকাতার ফুচকা: ফুচকার পুরে সেদ্ধ করা আলু মাখা প্রধান উপাদান হিসেবে ব্যবহৃত হয়। এর সাথে সেদ্ধ ছোলা বা মটর (কালো বা হলুদ), পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, ধনে পাতা, এবং বিশেষ ভাজা মশলা (জিরা, ধনে, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা) মেশানো হয়। এতে সর্ষের তেলের ব্যবহারও দেখা যায়, যা একটি তীক্ষ্ণ স্বাদ দেয়।
অন্যান্য অঞ্চলের (বিশেষত মুম্বাই): পানি পুরির পুরে প্রায়শই রাগড়া (সাদা মটর সেদ্ধ বা white peas) বা অঙ্কুরিত মুগ ডাল ব্যবহার করা হয় এবং এতে আলুর ব্যবহার তুলনামূলকভাবে কম থাকে বা নাও থাকতে পারে। এতে পেঁয়াজের ব্যবহার থাকতে পারে, তবে মশলার ধরন আলাদা।
উত্তর ভারত (গোলগাপ্পা): গোলগাপ্পার পুরে সাধারণত সেদ্ধ ছোলা এবং ছোট করে কাটা আলু ব্যবহার করা হয়।
পুরির আকার এবং উপাদান
কলকাতার ফুচকা: কলকাতার ফুচকার পুরি সাধারণত আটা বা সুজি দিয়ে তৈরি হয় এবং এগুলো কিছুটা বড় ও গাঢ় রঙের হয়। এগুলো বেশ মুচমুচে হয় এবং মুখে দিলেই ভেঙে যায়।
অন্যান্য অঞ্চলের: মুম্বাইয়ের পানি পুরির পুরিগুলো প্রায়শই সুজি দিয়ে তৈরি হয়, যা তুলনামূলকভাবে ছোট এবং বেশি গোল হয়।
সারসংক্ষেপে, কলকাতার ফুচকা তার তীব্র টক-ঝাল স্বাদ, আলুর পুর এবং বিশেষ ভাজা মশলার জন্য অনন্য, যেখানে ভারতের অন্যান্য সংস্করণগুলো মিষ্টির ভারসাম্য বা বিভিন্ন ডালের পুরের জন্য পরিচিত।
লিখতে লিখতে হঠাৎ একটা কথা আর মনে এল  আর অদ্ভুত হাস্যকর একটা চিন্তা মাথায় ঢুকে পড়েছিল—
রবীন্দ্রনাথ ঠাকুর কি জীবনে কোনোদিন ফুচকা খেয়েছিলেন?
ভাবতে গেলেই হাসি পায়।
যদি তিনি সত্যিই ফুচকা খেতেন, তাহলে আমাদের ঋতু, নদী, ফুল, প্রেম, বেদনা—সবকিছুর কবি—এই টক-ঝালের বিস্ফোরণটাকে কি সত্যিই বাদ দিতেন?
অসম্ভব!
আমি তো অনেকসময় কল্পনা করি—যদি শান্তিনিকেতনের মাঠে বসে কবিগুরু একটা ফুচকা মুখে দিতেন, তাহলে হয়তো তিনি লিখেই ফেলতেন—
“তেঁতুল জলে ডুবায়ে, পুরির হৃদয় ভাঙায়ে,
জাগে জিভে অদ্ভুত রস—
হে ফুচকা, তব পরশ।”
সম্ভবত তিনি ফুচকা খাননি—আর সেই কারণেই বাংলা সাহিত্যে ফুচকার মহিমা তুলে ধরার গুরুদায়িত্ব এসে পড়েছে আমাদের মতো সাধারণ বাঙালির কাঁধে।

অনেকদিন হলো দেশের বাইরে আছি, তাই কলকাতার বর্তমান ফুচকার স্বাদ বা পরিবেশনের ধরনে কোনো পরিবর্তন এসেছে কিনা তা জানতে পারছি না। আপনাদের অভিজ্ঞতা কেমন? আপনারা যখন ফুচকা খান, তখন আপনাদের ভালো লাগা বা মন্দ লাগার দিকগুলো কী কী? আজকালকার ফুচকার স্বাদ কি এখনো সেই পুরোনো দিনের মতোই আছে, নাকি তাতে নতুন কোনো পরিবর্তন এসেছে? আজকাল তো সবকিছু নিয়েই রিসার্চ হচ্ছে, আপনাদের মতামত এবং অভিজ্ঞতা নিচে শেয়ার করলে খুব ভালো লাগবে!
শেষ করার আগে আপনাদের কাছে একটিই অনুরোধ—আপনারাও আপনাদের ফুচকা-স্মৃতিগুলো শেয়ার করুন। যে স্মৃতি হয়তো এখনো কোথাও লুকিয়ে আছে, ধুলো পড়ে আছে, কিন্তু ছোট্ট একটি শব্দ, একটি গন্ধ বা একটি ঘটনার মতো কিছু যেন তাকে আবার জীবন্ত করে তোলে। হয়তো আপনার প্রথম ফুচকা খাওয়ার গল্প, হয়তো বন্ধুরা মিলে করা সেই হাস্যকর প্রতিযোগিতা, কিংবা কোনো বিশেষ মানুষের সঙ্গে ভাগ করে নেওয়া টক-ঝাল মুহূর্ত—যাই হোক না কেন, আপনার অভিজ্ঞতা অন্য পাঠকের মনেও নতুন আগুন জ্বালাতে পারে।
আপনার লেখা পড়েই হয়তো কারও বহুদিনের লুকোনো স্মৃতি আবার হাজির হয়ে উঠবে, ঠিক যেমন আমার স্মৃতির ফুচকাওয়ালা আজও আমার ভেতরে বেঁচে আছে।

পুস্তক আলোচনা

ড. বিশ্বনাথ মজুমদার, বেঙ্গালুর

  পুজো বার্ষিকীঃ ১৪৩৩ ।। মতামত ।। সূচীপত্র

বাসি গল্প

টাটকা স্বাদ 

ড. রথীন্দ্রনাথ বড়াল

Former Head Immunoregulation & Immunodiagnostics
Chittaranjan National Cancer Institute

basi-galpo.png

সমালোচক পরিচিতি: ড. বিশ্বনাথ মজুমদার

বেঙ্গালুরু নিবাসী একজন ক্যানসার বিজ্ঞানী। গবেষণার মূল বিষয় — ইম্যুনোলোজি ও ক্যানসারের অণুপরিবেশ-ভিত্তিক পার্সোনালাইজড চিকিৎসার প্লাটফর্ম। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি—বিজ্ঞানী জীবনের শুরুতে বেশ কয়েক বছর জাপানে, আমেরিকার  পিটসবার্গ ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পোস্ট-ডক্টরাল গবেষণা করেছেন। বেশ কিছু  কবিতা ও প্রবন্ধ ছাড়াও সম্প্রতি আনন্দ পাবলিশার্স প্রকাশিত 'ওষধি নিম: ক্যানসার চিকিৎসার নতুন দিগন্ত' বইটির মুখবন্ধ লিখেছেন।

​​

সেই কবে কবি বলেছিলেন, "জেনো, বাসনার সেরা বাসা রসনায়।" আর বাঙালির মোক্ষের শেষ পিন কোড তাঁর প্রিয় মিষ্টির দোকানে। 'বনলতা সেন'- এর সাথে 'ভজহরি মান্না'র সেখানে কোনো বৈরিতা নেই। 'বাসি গল্প টাটকা স্বাদ'-এ ক্যানসার ইম্যুনোলোজি ইম্যুনোথেরাপির বরিষ্ঠ বিজ্ঞানী ও প্রিয় লেখক ড. রথীন্দ্রনাথ বড়াল সেই সব মিষ্টি নস্টালজিয়া ও 'নস্ট লজিক'-কে আশ্রয় করে ভোরের রাগ রাগিণীর আলাপে ডুব দিয়েছেন| মূলত শৈশব থেকে বিশ্ববিদ্যালয় অবধি জীবনের নানা টুকরো স্মৃতি মোট চোদ্দটি গল্পে লেখক আমাদের সাথে ভাগ করে নিয়েছেন| বৈঠকি আড্ডার ঢঙে লেখা এর গল্পগুলোতে টক-ঝাল-মিষ্টি-নোনতা — সব স্বাদের সন্ধান মেলে — আমাদের নিয়ে যায় স্মৃতিবেলার গলি থেকে রাজপথ হয়ে ধুসর গোধূলি প্রান্তরে। সেখানে প্রজাপতির পাখায় সকালের আলো এসে পরে। বিগত শতাব্দীর ষাট-সত্তরের দশকের আশেপাশে যাঁদের জন্ম, এই গল্পগুলোর স্থান-কাল-চরিত্র তাঁদের সময়ের ছোট ছোট চাওয়া-পাওয়ার চলমান স্মৃতিভাষ্য। শৈশবের শুরুতে পিতৃ-বিয়োগ তাঁকে জীবনের অনিশ্চয়তা ও অন্ধকারের শেষে আশাবাদের আলোকশিখা দেখতে শিখিয়েছে। তাই তাঁর সৃষ্ট গল্পমালায় যেমন প্রদীপের আলো আছে, তেমনি তার নিচে জমাট বাঁধা অন্ধকারের কথাও চাপা পরে থাকেনি। এখানে সাহিত্যের সেই মানবিক মুখটিকে আমরা আরো একবার খুঁজে পাই। গল্পগুলো পড়তে পড়তে মন চলে যায় কল্লোলিনী তিলোত্তমার সকাল-বিকেল-সন্ধ্যার কোলাহলমুখর পুরোনো পাড়া, তার বাড়ি-ঘর, ছোটবেলার খেলাঘর, বন্ধুদের সাথে আড্ডা, মাসিক পত্রিকা, বৌবাজারের সাবেকি ঐতিহ্য, রথযাত্রা-দূর্গা পুজো- কালী পুজোর মতো বারো মাসে তেরো পার্বণ, ট্রাম লাইন, কলেজ স্ট্রীটের বইপাড়া, কফি হাউজ ও রসনার উদযাপনের দিনগুলিতে — যার  জায়গা এখন শুধুই  স্মৃতির চিলেকোঠায়। সুন্দর হাতের লেখার জন্য স্কুলের শিক্ষকের কাছে মার খাবার গল্পটি বেশ উপভোগ্য ও অর্থবহ। কথায় বলে, মাছে-ভাতে বাঙ্গালি। মাছ ছাড়া বাঙালির কোনও কাব্যই সম্পূর্ণ হয় না। দুই বাংলার মাছের নানা পদ নিয়ে জিভে জল আনা বর্ণনায় লেখকের গল্প বলার তরিকাটি বেশ মনে ধরে। নিজে ঘটি হয়েও কাঁটাতারের বেড়া পেরিয়ে এপারে আসা ছিন্নমূল মানুষদের পরিশ্রম ও প্রতিষ্ঠালাভের

লড়াইকে তিনি যে শ্রদ্ধার চোখে দেখেছেন, তাতে তাঁর পরিণত ইতিহাসবোধ স্পষ্ট (‘বাংলার পূর্ব পশ্চিম’)। এর জন্য ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের খেলা হলে লাল-হলুদ গ্যালারি তাঁকে তাঁদের মধ্যে সাদরে বসার জায়গা করে দেবে! স্মৃতি যত বাসি হয় তত বেশি তাতে মেদুরতার মেঘ-রোদ্দুর খেলা করে। বাউল মনের একতারাতে তার সুর বাজে। আর এক বড়াল কবি — অক্ষয় কুমার বড়াল তাঁর একটি জনপ্রিয় কবিতায় লিখেছেন, “খসে খসে পরে পাতা, মনে পরে কত গাঁথা, ছায়া ছায়া কত ব্যাথা, ঘুরে ধরাধামে।” পাতা খসুক —ছায়া দীর্ঘ হোক —ব্যাথা গাঁথা হয়ে থাকুক — কিন্তু তার মধ্যেই মন আনন্দ খুঁজে চলুক। সেই তাগিদ নিয়েই উনিশ শতকের বাবু কালচারের নিভু নিভু আলোয় মধ্যবিত্ত বাঙালির আশা-আকাঙ্ক্ষা, প্রাপ্তি-অপ্রাপ্তির কোলাজ লেখক তাঁর বইতে অলংকার বর্জিত ভাষায় বর্ণনা করেছেন। স্কুলের ছাত্রদের দুষ্টুমির বিবর্তন—তার সাথে পাল্লা দিয়ে মাস্টারমশাইদের 'নিউটনের তৃতীয় সূত্র'র প্রয়োগ — সে সময়ের ছাত্র-শিক্ষক সম্পর্কের শ্রদ্ধাপূর্ণ অথচ প্রাণবন্ত দিকটি মনের আয়নায় মেলে ধরে ('প্রহারের আর্কাইভ')। 'গ্রীষ্মের দুপুর’-এ লোডশেডিংয়ের দুঃসহ যন্ত্রণাকে বিষয় করে অঙ্কন প্রতিযোগিতায় বাজিমাত — লেখকের শিশু কাল থেকে লালিত সৃজনশীল মনের একটা আভাস দেয়। শীতের দুপুরে মা-কাকিমাদের উল বোনার সেশন ও শেষে সেই সোয়েটার যখন গায়ে উঠতো, তার স্বর্গীয় অনুভতি হারিয়ে যাওয়া সম্পর্কের মায়াময় উষ্ণ স্পর্শকে ফিরিয়ে আনে। ‘মুড়ি কিচেন নাইফ ও চাঁদের হাসি’-তে লেখক বিশ্ববিদ্যালয়ের শিক্ষামূলক ভ্রমণে মজার সব ঘটনা বলেছেন; তাতে গল্পের স্বাদে এক ভিন্নতর মুচমুচে বৈচিত্র্য যোগ হয়েছে।
প্রবাসে মাতৃভাষার প্রতি বাঙালির যে অমোঘ টান, তার কথা বলে স্বদেশে সেটা বাঁচিয়ে রাখায় যে ততটাই অনীহা — সেই পার্থক্য আমাদের মনে বেদনা সৃষ্টি করে। সেই সূত্র ধরেই ভূমিকায় আজকের দিনে বই পড়ার অভ্যাস কমে যাওয়া নিয়ে লেখকের আক্ষেপ খুবই যথাযথ মনে হয়েছে। কিংবদন্তি বটতলার প্রকাশনার ইতিহাসের সাথে তাঁর পূর্বপুরুষদের দীর্ঘ ব্যাবসায়িক যোগ বইটিতে অন্য মাত্রা দিয়েছে। ঝকঝকে ছাপার গুণ বইটিকে সুখপাঠ্য করেছে; মুদ্রণপ্রমাদও প্রায় শূন্য। এই কারণেও  লেখক ও প্রকাশকের বিশেষ ধন্যবাদ প্রাপ্য।
শিয়ালদহের গোমেজ লেনের পৃথিবীর সরুতম গলি, বাউন্ডুলে ঘুড়ির আকাশে কাটাকুটি খেলা— সেই সময়ের তীরভূমিতে মধ্যবিত্ত বাঙ্গালির সংকট, প্রেম-বিরহ— এইরকম কয়েকটি বিষয় বইতে অধরাই থেকে গেলো। জানি এই আত্মপ্রতিফলনের কোনও শেষ নেই, তবু আশা রইলো পরের বইতে সেই কথা শোনার। সব শেষে, ‘ওল ঢোল এগরোল বেলফুল মালা’ এই সব নিয়ে দুধে-ভাতে—থুড়ি, মাছে ভাতে— থাকুক আমাদের প্রিয় শহর, তার মানুষজন ও শেকড়— সেই বার্তাই হৃৎস্পন্দনের মতো এই বইয়ের পাতায় পাতায় ধ্বনিত। এই বই তাকেই হৃদমাঝারে আঁকড়ে রাখার কাহিনী।


বাসি গল্প টাটকা স্বাদ 
ড. রথীন্দ্রনাথ বড়াল  

Former Head Immunoregulation & Immunodiagnostics
Chittaranjan National Cancer Institute
অরিত্র প্রকাশনী
প্রথম প্রকাশ: কলকাতা আন্তর্জাতিক বইমেলা, ২০২৫
মূল্য: ২০০ টাকা
Website: aritraprakashani.com

Email: aritraprakashani@gmail.com

  বিদেশী গল্পের বাংলা অনুবাদ

subrata majumder_edited.jpg

  পুজো বার্ষিকীঃ ১৪৩৩ ।। মতামত ।। সূচীপত্র

Agatha-Christie.jpg

The Tuesday Night Club

মুল গল্পঃ আগাথা ক্রিস্টি

অনুবাদ - সুব্রত  মজুমদার, হিউস্টন, টেক্সাস

thief.jpg

ভূমিকা:
রহস্যের গল্প মানেই যে অন্ধকার গলি, রক্তমাখা ছুরি কিংবা তীব্র গতির ধাওয়া—তা নয়। অনেক সময় রহস্য জন্ম নেয় আলো-ঝলমলে বসার ঘরে, চা-এর কাপে ধোঁয়া ওঠা সন্ধ্যায়, কিংবা নিঃশব্দ কোনো গ্রামের নিরীহ আড্ডায়। Agatha Christie সেই ধরনের রহস্যেরই অতুলনীয় শিল্পী—যেখানে অপরাধ লুকিয়ে থাকে মানুষের অভ্যাসে, সম্পর্কের ফাঁকে, আর কথার আড়ালে।
এই গল্পসংকলনের কেন্দ্রবিন্দুতে আছেন মিস মার্পল—একজন আপাতদৃষ্টিতে সাধারণ বৃদ্ধা, যাঁর জীবনের পরিধি ছোট একটি গ্রাম, সেলাই-কাঁটা আর পরিচিত মানুষদের নিয়ে। কিন্তু এই সীমাবদ্ধতার মধ্যেই লুকিয়ে আছে তাঁর অসীম শক্তি। গ্রামের মানুষ যেমন মানুষকে চেনে—দীর্ঘদিনের অভ্যাসে, ছোট ছোট আচরণে, অদৃশ্য ঈর্ষা বা লোভের ছায়ায়—ঠিক সেভাবেই তিনি রহস্য পড়ে ফেলেন। বড় শহরের গোয়েন্দা যেখানে সূত্রের পেছনে ছুটে বেড়ান, মিস মার্পল সেখানে মানুষের মন পড়েন।
‘টিউসডে নাইট ক্লাব’ থেকে শুরু হওয়া এই ধারার গল্পগুলোতে কোনও তাড়াহুড়ো নেই। এখানে রহস্য ধীরে ধীরে খুলে যায়—একটি কথা, একটি স্মৃতি, কিংবা একটুখানি নীরবতার মধ্য দিয়ে। পাঠকও যেন সেই আড্ডার একজন সদস্য হয়ে ওঠেন—শোনেন, ভাবেন, ভুল করেন, আবার চমকে ওঠেন।
এই বাংলা অনুবাদের উদ্দেশ্য শুধু গল্প বলা নয়। উদ্দেশ্য হলো সেই সূক্ষ্ম ইংরেজ গ্রাম্য পরিবেশ, মানবস্বভাবের গভীর পর্যবেক্ষণ এবং নীরব বুদ্ধিদীপ্ত রসবোধকে বাংলা ভাষার স্বাভাবিক ছন্দে তুলে ধরা—যাতে বাংলা পাঠকও ঠিক সেই একই আনন্দ পান, যে আনন্দ বহু দশক ধরে বিশ্বজুড়ে পাঠকেরা পেয়ে এসেছেন।
এই গল্পটি The Thirteen Problems সংকলনের প্রথম গল্প। মূলত The Tuesday Night Club নামের এই গল্পের মাধ্যমেই মিস মার্পলকে পাঠকের সামনে প্রথমবার পূর্ণাঙ্গভাবে তুলে ধরা হয়। পরে ধারাবাহিকভাবে আরও বারোটি রহস্য এই একই কাঠামোতে লেখা হয়—মঙ্গলবার সন্ধ্যায় একদল মানুষ একত্র হয়ে অতীতের অমীমাংসিত ঘটনাগুলি নিয়ে আলোচনা করেন, আর নীরবে বসে থাকা মিস মার্পল মানবস্বভাবের সূক্ষ্ম পর্যবেক্ষণের মাধ্যমে প্রতিটি রহস্যের প্রকৃত সমাধান খুঁজে বার করেন। এইভাবেই ধীরে ধীরে গল্পগুলো একটি সংহত রূপ নেয় এবং পরবর্তীতে একত্রিত হয়ে The Thirteen Problems নামে পরিচিত হয়—যা মিস মার্পল সিরিজের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় সংকলন।
এই প্রথম গল্পের মাধ্যমে শুরু হচ্ছে এক দীর্ঘ যাত্রা—নীরব রহস্যের, সাধারণ মানুষের অসাধারণ পর্যবেক্ষণের, আর সেই চিরন্তন সত্যের—
অপরাধ যতই লুকিয়ে থাকুক, মানুষ নিজেকেই শেষ পর্যন্ত ফাঁস করে দেয়।

এই গল্পটি The Thirteen Problems সংকলনের প্রথম গল্প
শুরু হচ্ছে আজকের গল্প “ দা টুইসডে নাইট ক্লাব”

​

“অমীমাংসিত রহস্য।”
রেমন্ড ওয়েস্ট তার চুরুটের ধোঁয়ার একটা মেঘ মুখ থেকে ছেড়ে দিয়ে কথাটা আবার বলল—ইচ্ছে করেই, একটু আত্মসচেতন আনন্দ নিয়ে।
“অমীমাংসিত রহস্য।”
সে সন্তুষ্ট চোখে চারপাশে তাকাল। ঘরটা পুরোনো—ছাদ জুড়ে চওড়া কালো কাঠের বীম, আর সব ভালো পুরোনো আসবাবপত্রে দিয়ে এমন ভাবে সাজানো, যা যেন মনে হয় সব এই ঘরেরই জন্য। তাই রেমন্ড ওয়েস্টের চোখে প্রশংসার ঝিলিক। পেশায় সে লেখক, আর তার কাছে পরিবেশ নিখুঁত হওয়াটা খুবই জরুরি। তার পিসি জেনের বাড়িটা বরাবরই তার ভালো লাগে—এই বাড়িটাই যেন তাঁর ব্যক্তিত্বের সঙ্গে মানানসই।
সে ঘর গরম রাখার চুল্লি ওপর তাকাল—আরাম কেদারে সোজা হয়ে বসে আছেন তিনি। মিস মার্পলের গায়ে কালো ব্রোকেডের পোশাক, কোমরের কাছেটা বেশ আঁটসাঁট। বডিসের সামনের দিকে মেশলিন লেস ধাপে ধাপে নেমে এসেছে। হাতে কালো লেসের মিটেন, আর মাথায় কালো লেসের টুপি—তার নিচে তুষারসাদা চুল গুচ্ছ গুচ্ছ করে তোলা। তিনি বুনছিলেন—সাদা, নরম, পশমের মতো কিছু দিয়ে। তাঁর ফিকে নীল চোখ—স্নিগ্ধ ও সদয়—মৃদু আনন্দে ভাগ্নে আর তার অতিথিদের দিকে তাকিয়ে জরিপ করছিল।
প্রথমে তাঁর দৃষ্টি পড়ল রেমন্ডের ওপর—নিজেকে নিয়ে একটু আত্মসচেতন, বেশ চটুল ভঙ্গিতে বসে আছে। তারপর শিল্পী জয়েস লেম্প্রিয়ারের দিকে—ছোট করে কাটা কালো চুল আর অদ্ভুত হ্যাজেল-সবুজ চোখ। এরপর সেই পরিপাটি, দুনিয়াদারি জানা ভদ্রলোকটির দিকে—স্যার হেনরি ক্লিদারিং। ঘরে আরও দু’জন ছিলেন—ডক্টর পেন্ডার, প্যারিশের বৃদ্ধ যাজক, আর মি. পেথেরিক, উকিল—শুকনো চেহারার ছোটখাটো মানুষ, যিনি চশমার ভেতর দিয়ে নয়, চশমার ওপর দিয়ে তাকান। মিস মার্পল সবার দিকে এক মুহূর্ত তাকিয়ে আবার বুননে মন দিলেন—ঠোঁটে মৃদু হাসি।
মি. পেথেরিক তাঁর মন্তব্যের আগে চিরচেনা শুকনো কাশিটা দিলেন।
“কী বলছিলে, রেমন্ড? অমীমাংসিত রহস্য? হুঁ—আর সেটা কি নিয়ে?”
“কিছুই না,” জয়েস লেম্প্রিয়ার বলল।
“রেমন্ড শুধু শব্দগুলোর ধ্বনি পছন্দ করে—আর নিজে সেগুলো বলতে শুনতেও ভালোবাসে।”
রেমন্ড ওয়েস্ট তার দিকে একটু ভর্ৎসনার দৃষ্টিতে তাকাল। জবাবে জয়েস মাথাটা পিছনে ফেলে হেসে উঠল।
“লোকটা একেবারে দমবাজ, তাই না, মিস মার্পল?” সে বলল।
“আপনি তো জানেনই, আমি নিশ্চিত।”
মিস মার্পল মৃদু হেসে তাকালেন, কিন্তু কিছু বললেন না।
“জীবন নিজেই এক অমীমাংসিত রহস্য,” গম্ভীর গলায় বললেন যাজক।
রেমন্ড হঠাৎ সোজা হয়ে বসে সিগারেটটা ছুঁড়ে ফেলল।
“আমি সে কথা বলছি না। দর্শনের কথা বলিনি,” সে বলল।
“আমি ভাবছিলাম একেবারে বাস্তব, নিরেট ঘটনা—যা ঘটেছে, অথচ যার কোনও ব্যাখ্যা কেউ কখনও দিতে পারেনি।”
“আমি ঠিক বুঝেছি,” মিস মার্পল বললেন।
“যেমন ধরো, গত কাল সকালেই মিসেস ক্যারুদার্স এক অদ্ভুত অভিজ্ঞতার মুখে পড়েছিলেন। তিনি এলিয়টসের দোকান থেকে আধ পোয়া খোসা ছাড়ানো চিংড়ি কিনেছিলেন। এরপর আরও দুটো দোকানে যান তিনি, কিন্তু বাড়ি ফিরে দেখেন যে চিংড়ির প্যাকেটটা তাঁর সাথে নেই। যে দুটো দোকানে গিয়েছিলেন সেখানে ফিরে গিয়েও তিনি আর সেই চিংড়িগুলোর হদিস পাননি, ওগুলো একেবারে উবে গিয়েছিল। বিষয়টা আমার কাছে বেশ অদ্ভুত বলেই মনে হয়।"
"ভারী অদ্ভুত এক 'মাছের' গন্ধ ওয়ালা গল্প তো!" বেশ গম্ভীর মুখে বললেন স্যার হেনরি ক্লিদারিং।
"অবশ্য এর পেছনে অনেক ধরণের ব্যাখ্যা থাকা সম্ভব," উত্তেজিত হয়ে বলতে শুরু করলেন মিস মার্পল। উত্তেজনায় তাঁর গাল দুটো হালকা গোলাপি হয়ে উঠেছে। "যেমন ধরুন, অন্য কেউ হয়তো—"
"ওগো আমার আদুরে পিসিমা," রেমন্ড ওয়েস্ট বেশ মজার ছলে বাধা দিয়ে বললেন, "আমি গ্রাম্য ছোটখাটো এসব ঘটনার কথা বলিনি। আমি বলছিলাম খুনখারাপি বা রহস্যজনক নিখোঁজ হওয়ার কথা—ঠিক যে ধরণের গল্প স্যার হেনরি চাইলে ঘণ্টার পর ঘণ্টা আমাদের শুনিয়ে যেতে পারেন।" "কিন্তু আমি কাজের কথা কাজের বাইরে বলি না," স্যার হেনরি বিনয়ের সাথে বললেন। "না, ওসব আমি একদমই আলোচনা করি না।"
স্যার হেনরি ক্লিদারিং কিছুদিন আগে পর্যন্ত স্কটল্যান্ড ইয়ার্ডের কমিশনার পদে আসীন ছিলেন।
"আমার মনে হয় এমন অনেক খুন বা ঘটনা আছে যা পুলিশ কোনোদিন সমাধানই করতে পারে না," জয়েস লেম্প্রিয়ের মন্তব্য করলেন।
"আমি বিশ্বাস করি এটা এক অনস্বীকার্য সত্য," বললেন মিস্টার পেথেরিক।
রেমন্ড ওয়েস্ট বললেন, "আমি মাঝে মাঝে ভাবি, কোনো রহস্যের জট খুলতে ঠিক কী ধরণের মগজ সবচেয়ে বেশি সফল হয়? আমার সবসময় মনে হয়, সাধারণ পুলিশ গোয়েন্দাদের সবচেয়ে বড় বাধা হলো তাঁদের কল্পনাশক্তির অভাব।"
"এটা হলো সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি," শুকনো গলায় বললেন স্যার হেনরি।

"তোমাদের আসলে একটা আস্ত কমিটি দরকার," জয়েস হেসে বললেন। "মনস্তত্ত্ব আর কল্পনার জন্য তবে লেখকের কাছেই যেতে হয়—"
তিনি রেমন্ডের দিকে তাকিয়ে বিদ্রূপের ভঙ্গিতে মাথা নোয়ালেন, কিন্তু রেমন্ড বেশ গম্ভীরই থাকলেন।
"লেখার শিল্প মানুষকে মানুষের চরিত্র সম্পর্কে এক গভীর অন্তর্দৃষ্টি দেয়," রেমন্ড বেশ ভারিক্কি চালে বললেন। "একজন লেখক হয়তো এমন সব উদ্দেশ্য খুঁজে পান যা একজন সাধারণ মানুষের চোখে এড়িয়ে যায়।"
"আমি জানি বাছা," মিস মার্পল বললেন, "তোমার বইগুলো ভীষণ বুদ্ধিদীপ্ত। কিন্তু তোমার কি মনে হয় মানুষ কি সত্যিই ততটা খারাপ যতটা তুমি তোমার লেখায় ফুটিয়ে তোলো?"
"প্রিয় পিসিমা," রেমন্ড শান্ত গলায় বললেন, "তোমার বিশ্বাস তোমার কাছেই থাক। ঈশ্বর না করুন, আমি কোনোভাবেই তোমার সেই সরল বিশ্বাস ভেঙে দিতে চাই না।"
"আমি বলতে চাইছি," মিস মার্পল তাঁর বুনন করা সোয়েটারের ঘর গুনতে গুনতে কপালটা একটু কুঁচকে বললেন, "আমার কাছে অনেক মানুষকে দেখে মনে হয় তারা খুব একটা ভালোও না আবার মন্দও না, তারা আসলে খুব—মানে, যাকে বলে খুব বোকাসোকা।"
মিস্টার পেথেরিক আবার সেই শুকনো কাশি দিলেন।
"রেমন্ড, তোমার কি মনে হয় না যে তুমি কল্পনার ওপর একটু বেশিই জোর দিচ্ছ?" তিনি বললেন। "কল্পনা কিন্তু বড় ভয়ঙ্কর জিনিস, আমরা আইনজীবীরা সেটা হাড়ে হাড়ে জানি। নিরপেক্ষভাবে সাক্ষ্যপ্রমাণ যাচাই করা, তথ্যগুলোকে স্রেফ তথ্য হিসেবেই বিচার করা—আমার মতে সত্যে পৌঁছানোর এটাই একমাত্র যৌক্তিক উপায়। আমি এটুকু বলতে পারি, আমার অভিজ্ঞতা বলে শুধু এই পথেই সফলতা আসে।"
"আরে ধুর!" জয়েস তাঁর কালো চুলগুলো অবজ্ঞার সাথে পেছনে ঝাকিয়ে চেঁচিয়ে উঠলেন। "আমি বাজি ধরে বলতে পারি, এই খেলায় আমি আপনাদের সবাইকে হারিয়ে দেব। আমি শুধু একজন নারীই নই—আর আপনারা যা-ই বলুন না কেন, নারীদের এমন এক সহজাত ক্ষমতা (Intuition) আছে যা পুরুষদের নেই—উপরন্তু আমি একজন শিল্পীও বটে। আমি এমন সব জিনিস দেখি যা আপনারা দেখতে পান না। আর একজন শিল্পী হিসেবে আমি নানা ধরণের মানুষের সাথে মিশেছি, জীবনকে চিনেছি। আমাদের এই আদুরে মিস মার্পল জীবনকে যেভাবে চেনেন, আমি তার চেয়ে অনেক বেশি গভীরে গিয়ে জীবনকে দেখেছি।"

"সেটা আমি ঠিক জানি না বাছা," মিস মার্পল বললেন। "গ্রামের জীবনেও মাঝেমধ্যে বড় যন্ত্রণাদায়ক আর মর্মান্তিক সব ঘটনা ঘটে যায়।"
"আমি কি কিছু বলতে পারি?" ডক্টর পেন্ডার হেসে উঠলেন। "আমি জানি আজকাল যাজকদের অবজ্ঞা করার একটা চল হয়েছে, কিন্তু আমরাও তো অনেক কিছু শুনি। মানুষের চরিত্রের এমন কিছু দিক আমরা জানি যা বাইরের পৃথিবীর কাছে এক বন্ধ খাতা হয়েই থাকে।"
"বেশ তো," জয়েস বললেন, "আমার মনে হয় আমরা এখানে বিভিন্ন পেশার এক দারুণ প্রতিনিধি দল হয়ে বসেছি। কেমন হয় যদি আমরা একটা ক্লাব তৈরি করি? আজ কী বার? মঙ্গলবার? আমরা এর নাম দেব 'দ্য টিউজডে নাইট ক্লাব'। প্রতি সপ্তাহে এর আসর বসবে এবং প্রত্যেক সদস্য পালা করে একটি করে সমস্যা বা রহস্যের কথা তুলবেন। এমন কোনো রহস্য যা তাঁর ব্যক্তিগতভাবে জানা আছে এবং অবশ্যই যার সমাধানও তাঁর জানা। দেখি তো, আমরা ক’জন হলাম? এক, দুই, তিন, চার, পাঁচ। আমাদের আসলে ছয়জন হওয়া উচিত ছিল।"
"তুমি আমাকে ভুলে গেছ বাছা," উজ্জ্বল হাসি মুখে নিয়ে মিস মার্পল আলতো করে মনে করিয়ে দিলেন।
জয়েস খানিকটা অপ্রস্তুত হয়ে পড়লেন, তবে খুব দ্রুতই সেটা সামলে নিলেন।

"সেটা দারুণ হবে, মিস মার্পল," জয়েস বললেন। "আমি আসলে ভাবিনি যে আপনি এতে অংশ নিতে আগ্রহী হবেন।"
"আমার মনে হয় এটা বেশ চমৎকার একটা ব্যাপার হবে," মিস মার্পল বললেন, "বিশেষ করে যখন এতসব বুদ্ধিমান ভদ্রলোকেরা এখানে উপস্থিত আছেন। আমি নিজে অবশ্য খুব একটা চতুর নই, তবে এই এতগুলো বছর সেন্ট মেরি মিডে থাকার সুবাদে মানুষের চরিত্র সম্পর্কে একটা গভীর ধারণা তৈরি হয়েছে।"
"আমি নিশ্চিত যে আপনার অংশগ্রহণ আমাদের জন্য বেশ মূল্যবান হবে," স্যার হেনরি বেশ সৌজন্যের সাথে বললেন।
"শুরুটা কে করবেন?" জয়েস জানতে চাইলেন।
"আমার মনে হয় এ ব্যাপারে কোনো সন্দেহই নেই," ডক্টর পেন্ডার বললেন, "যখন আমাদের পরম ভাগ্য যে স্যার হেনরির মতো একজন প্রথিতযশা ব্যক্তিত্ব আমাদের সাথে আছেন—"
তিনি তাঁর কথাটি অসম্পূর্ণ রেখেই স্যার হেনরির দিকে তাকিয়ে মার্জিতভাবে মাথা নোয়ালেন।
স্যার হেনরি মিনিট দুয়েক চুপ করে থাকলেন। অবশেষে তিনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে পায়ের ওপর পা তুলে বসলেন এবং শুরু করলেন:
"তোমরা ঠিক যেমনটা চাইছ, তেমন কিছু একটা বেছে নেওয়া আমার জন্য একটু কঠিন। তবে কাকতালীয়ভাবে আমার কাছে এমন একটি ঘটনার কথা জানা আছে যা এই শর্তগুলোর সাথে হুবহু মিলে যায়। বছরখানেক আগে খবরের কাগজে তোমরা হয়তো এই মামলাটির উল্লেখ দেখেছ। সেই সময় একে একটি 'অমীমাংসিত রহস্য' হিসেবে একপাশে সরিয়ে রাখা হয়েছিল, কিন্তু ঘটনাচক্রে মাত্র কয়েকদিন আগে এর সমাধান আমার হাতে এসেছে।
ঘটনাগুলো বেশ সহজ-সরল। তিন জন মানুষ রাতের খাবারে বসেছিলেন, যেখানে অন্যান্য পদের সাথে টিনজাত লবস্টারও (গলদা চিংড়ি) ছিল। রাতের শেষ দিকে, তিন জনই অসুস্থ হয়ে পড়েন এবং তড়িঘড়ি করে ডাক্তার ডাকা হয়। তাঁদের মধ্যে দু'জন সুস্থ হয়ে ওঠেন, কিন্তু তৃতীয় জন মারা যান।"

"আহ!" রেমন্ড প্রশংসার সুরে বললেন।"আমি যেমনটা বললাম, মূল ঘটনাগুলো ছিল একেবারেই সাদামাটা। মনে করা হয়েছিল টোমেইন পয়জনিং (খাদ্যে বিষক্রিয়া) থেকেই মৃত্যু হয়েছে, সেই অনুযায়ী মৃত্যুর শংসাপত্র দেওয়া হয়েছিল এবং যথানিয়মে তাঁকে সমাহিত করা হয়। কিন্তু ঘটনা সেখানেই থেমে থাকেনি।"মিস মার্পল সায় দিয়ে মাথা নাড়লেন।"নিশ্চয়ই কানাকানি শুরু হয়েছিল," তিনি বললেন, "সাধারণত যা হয় আর কি।""এবার তবে এই ছোট্ট নাটকের চরিত্রগুলোর বর্ণনা দিই। আমি স্বামী-স্ত্রীকে মিস্টার ও মিসেস জোন্স নামে ডাকব, আর স্ত্রীর সঙ্গিনীকে বলব মিস ক্লার্ক। মিস্টার জোন্স একটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। বছর পঞ্চাশের মানুষটি দেখতে বেশ সুশ্রী, তবে একটু স্থুল ধরণের। তাঁর স্ত্রী বছর পঁতাল্লিশের খুব সাধারণ একজন মহিলা ছিলেন। আর তাঁদের সঙ্গিনী মিস ক্লার্ক ছিলেন ষাট বছর বয়সী এক হাসিখুশি গোলগাল মহিলা, যার মুখটা সবসময় উজ্জ্বল লালচে হয়ে থাকত। আপনারা বলতেই পারেন, তাঁদের মধ্যে বিশেষ আকর্ষণীয় বা মজার কিছুই ছিল না।""এখন এই ঝামেলার শুরুটা হয়েছিল বড় অদ্ভুতভাবে। মিস্টার জোন্স তার আগের রাতটা বার্মিংহামের একটা ছোট বাণিজ্যিক হোটেলে কাটিয়েছিলেন। ভাগ্যক্রমে, সেদিনই ওখানকার ব্লটিং বইয়ের ব্লটিং পেপারগুলো নতুন পাল্টানো হয়েছিল। হোটেলের কামরা পরিচারিকা (Chambermaid) মেয়েটির হাতে সম্ভবত তখন তেমন কাজ ছিল না, তাই মিস্টার জোন্স সেখানে একটি চিঠি লিখে যাওয়ার ঠিক পরেই সে আয়নার সামনে ব্লটিং পেপারটি ধরে উল্টো লেখাগুলো পড়ার চেষ্টা করে মজা নিচ্ছিল। কয়েকদিন পর যখন খবরের কাগজে খবর এল যে টিনজাত লবস্টার খেয়ে মিসেস জোন্স মারা গেছেন, তখন সেই মেয়েটি ব্লটিং প্যাডে সে যা উদ্ধার করতে পেরেছিল তা অন্য চাকরদের কাছে ফাঁস করে দেয়। কথাগুলো ছিল ঠিক এইরকম: পুরোপুরি আমার স্ত্রীর ওপর নির্ভরশীল... সে মারা গেলে আমি করব... হাজার হাজার শত শত...।আপনারা হয়তো মনে করতে পারেন, ঠিক সেই সময়েই স্বামী কর্তৃক স্ত্রীকে বিষ খাইয়ে মারার একটা ঘটনা বেশ আলোচিত ছিল। ওই পরিচারিকা মেয়েদের মনে সন্দেহের আগুন জ্বালাতে এটুকুই যথেষ্ট ছিল। মিস্টার জোন্স নিশ্চয়ই তাঁর স্ত্রীকে সরিয়ে দিয়ে কয়েক হাজার পাউন্ড হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিলেন! কাকতালীয়ভাবে, ওই পরিচারিকাদের একজনের আত্মীয়রা আবার সেই মফস্বল শহরেই থাকত যেখানে জোন্স দম্পতি বাস করতেন। সে তাদের চিঠি লিখল, আর ওপাশ থেকেও ফিরতি চিঠি এল। জানা গেল, মিস্টার জোন্স নাকি স্থানীয় ডাক্তারের মেয়ের প্রতি খুব বেশি মনোযোগ দিচ্ছিলেন—তেত্রিশ বছর বয়সী এক সুন্দরী তরুণী। কেলেঙ্কারির গুঞ্জন চারদিকে ছড়িয়ে পড়ল। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন গেল। স্কটল্যান্ড ইয়ার্ডে অসংখ্য বেনামী চিঠি জমা হতে শুরু করল, যেখানে সব কটিতেই মিস্টার জোন্সকে তাঁর স্ত্রীকে খুনের দায়ে অভিযুক্ত করা হয়েছে। এখন আমি বলতে পারি, আমরা কিন্তু

এক মুহূর্তের জন্যও ভাবিনি যে এতে গ্রাম্য পরচর্চা আর গালগল্প ছাড়া আর কিছু আছে। তা সত্ত্বেও, জনরোষ শান্ত করতে মৃতদেহ কবর থেকে তোলার (Exhumation) নির্দেশ দেওয়া হলো। এটি ছিল নিছক কুসংস্কারের ওপর ভিত্তি করে শুরু হওয়া এমন এক মামলা, যা শেষ পর্যন্ত আশ্চর্যজনকভাবে সত্য প্রমাণিত হলো। ময়নাতদন্তের ফলে শরীরে পর্যাপ্ত পরিমাণে আর্সেনিক পাওয়া গেল, যা থেকে এটা পরিষ্কার হয়ে গেল যে ওই ভদ্রমহিলা আর্সেনিকের বিষক্রিয়াতেই মারা গেছেন। এখন স্থানীয় কর্তৃপক্ষের সাথে মিলে স্কটল্যান্ড ইয়ার্ডের কাজ ছিল এটা প্রমাণ করা যে, কীভাবে ওই আর্সেনিক দেওয়া হয়েছিল এবং কে দিয়েছিল।""আহ!" জয়েস বললেন। "এটা আমার পছন্দ হয়েছে। এই তো আসল জিনিস।"
"সন্দেহ স্বাভাবিকভাবেই স্বামীর ওপর পড়ল। স্ত্রীর মৃত্যুতে তাঁর লাভ ছিল। ওই পরিচারিকার কল্পনার মতো কয়েক লক্ষ পাউন্ড না হলেও, অঙ্কটা ছিল প্রায় ৮০০০ পাউন্ডের মতো মোটা টাকা। নিজের উপার্জনের বাইরে তাঁর আর কোনো সম্পদ ছিল না, অথচ মানুষ হিসেবে তিনি ছিলেন বেশ বিলাসপ্রিয় এবং নারীদের সান্নিধ্য তাঁর বড় প্রিয় ছিল। ডাক্তারের মেয়ের সাথে তাঁর সম্পর্কের গুঞ্জনটি আমরা যতটা সম্ভব সূক্ষ্মভাবে তদন্ত করলাম; দেখা গেল এক সময় তাঁদের মধ্যে গভীর বন্ধুত্ব থাকলেও দুই মাস আগে হঠাৎ করেই তাতে বিচ্ছেদ ঘটে এবং তারপর থেকে তাঁদের আর দেখাই হয়নি। ডাক্তার নিজে ছিলেন বেশ সহজ-সরল এবং অমায়িক মানুষ, ময়নাতদন্তের রিপোর্ট দেখে তিনি তো আকাশ থেকে পড়লেন। সেই রাতে মাঝরাতের দিকে যখন তাঁকে ডাকা হয়েছিল, তখন তিনজনই অসুস্থ ছিলেন। তিনি তখনই মিসেস জোন্সের গুরুতর অবস্থা বুঝতে পেরেছিলেন এবং ব্যথা কমানোর জন্য নিজের ডিসপেনসারি থেকে কিছু আফিমের বড়ি আনিয়েছিলেন। তাঁর সব চেষ্টা সত্ত্বেও মহিলা মারা যান, কিন্তু ডাক্তারের মনে একবারের জন্যও সন্দেহের উদ্রেক হয়নি। তিনি নিশ্চিত ছিলেন যে এটি এক ধরণের বোটুলিজম (খাদ্য বিষক্রিয়া)। সেই রাতের খাবারে ছিল টিনজাত লবস্টার, সালাদ, ট্রাইফল (মিষ্টি পদ) আর রুটি-পনির। দুর্ভাগ্যবশত লবস্টারের কিছুই অবশিষ্ট ছিল না—সবটাই খাওয়া হয়ে গিয়েছিল এবং টিনটা ফেলে দেওয়া হয়েছিল। তিনি তরুণী পরিচারিকা গ্ল্যাডিস লিঞ্চকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। মেয়েটি ভীষণ ঘাবড়ে গিয়েছিল, কাঁদছিল আর ছটফট করছিল। তার কাছ থেকে কাজের কথা বের করা ছিল কঠিন, তবুও সে বারবার এক কথাই বলছিল যে টিনটি কোনোভাবেই ফোলা বা নষ্ট ছিল না এবং লবস্টারগুলো তার কাছে একদম টাটকা মনে হয়েছিল।"
"এটুকুই ছিল আমাদের এগিয়ে যাওয়ার মতো রসদ। জোন্স যদি অপরাধমূলকভাবে তাঁর স্ত্রীকে আর্সেনিক খাইয়ে থাকেন, তবে এটা স্পষ্ট যে রাতের খাবারের কোনো পদের মাধ্যমে তা দেওয়া হয়নি, কারণ ওই খাবার তিনজনই খেয়েছিলেন। আরও একটি পয়েন্ট—জোন্স ঠিক সেই মুহূর্তেই বার্মিংহাম থেকে ফিরেছিলেন যখন টেবিলে খাবার সাজানো হচ্ছিল, তাই আগেভাগে খাবারে কিছু মেশানোর সুযোগ তাঁর ছিল না।"
"সেই সঙ্গিনী মহিলার খবর কী?" জয়েস জিজ্ঞেস করলেন—"সেই হাসিখুশি মুখ আর স্থূলকায় ভদ্রমহিলা?"
স্যার হেনরি মাথা নাড়লেন।
"আমি আপনাদের নিশ্চিত করছি যে, আমরা মিস ক্লার্ককেও অবহেলা করিনি। কিন্তু এই অপরাধ করার পেছনে তাঁর কী উদ্দেশ্য থাকতে পারে তা নিয়ে ঘোর সন্দেহ ছিল। মিসেস জোন্স তাঁর জন্য কোনো উইল বা উত্তরাধিকার রেখে যাননি, আর তাঁর নিয়োগকর্তার মৃত্যুর ফলে উল্টো তাঁর চাকরিটাই চলে গেল।"
"তাহলে তো তিনি সন্দেহের তালিকার বাইরেই থাকছেন," জয়েস চিন্তিতভাবে বললেন।
"এরপরই আমার একজন ইন্সপেক্টর একটি তাৎপর্যপূর্ণ তথ্য খুঁজে পেলেন," স্যার হেনরি বলতে থাকলেন। "সেই রাতে খাওয়ার পর মিস্টার জোন্স রান্নাঘরে গিয়েছিলেন এবং তাঁর স্ত্রীর জন্য এক বাটি কর্নফ্লাওয়ার (দুধে গুলানো খাবার) চেয়েছিলেন, কারণ স্ত্রী নাকি অসুস্থ বোধ করছিলেন। গ্ল্যাডিস লিঞ্চ সেটা তৈরি করা পর্যন্ত তিনি রান্নাঘরে অপেক্ষা করেছিলেন এবং তারপর নিজেই সেটা তাঁর স্ত্রীর ঘরে নিয়ে গিয়েছিলেন। আমি স্বীকার করছি, এই তথ্যটাই যেন পুরো মামলাটির মোড় ঘুরিয়ে দিল।"
আইনজীবী ভদ্রলোক মাথা নাড়লেন।
"উদ্দেশ্য," তিনি নিজের আঙুলে পয়েন্টগুলো গুনতে শুরু করলেন। "সুযোগ। আর যেহেতু তিনি একটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি ছিলেন, তাই বিষের যোগাড় করাও তাঁর জন্য সহজ ছিল।"
"আর নৈতিকভাবে দুর্বল এক মানুষ," যোগ করলেন যাজক ডক্টর পেন্ডার।

রেমন্ড ওয়েস্ট স্যার হেনরির দিকে একদৃষ্টিতে তাকিয়ে ছিলেন। "এর মধ্যে নিশ্চয়ই কোনো কারসাজি আছে," তিনি বললেন। "আপনি কেন তাকে গ্রেফতার করলেন না?"
স্যার হেনরি কিছুটা ম্লান হাসলেন। "সেটাই এই মামলার দুর্ভাগ্যজনক অংশ। এখন পর্যন্ত সবকিছু চমৎকারভাবে চলছিল, কিন্তু এখন আমরা আসল বাধার মুখে পড়লাম। জোন্সকে গ্রেফতার করা যায়নি কারণ মিস ক্লার্ককে জিজ্ঞাসাবাদ করার সময় তিনি আমাদের জানান যে, ওই এক বাটি কর্নফ্লাওয়ার মিসেস জোন্স খাননি, খেয়েছিলেন তিনি নিজে।
হ্যাঁ, দেখা গেল তিনি নিয়মমাফিক মিসেস জোন্সের ঘরে গিয়েছিলেন। মিসেস জোন্স বিছানায় উঠে বসেছিলেন এবং কর্নফ্লাওয়ারের বাটিটা তাঁর পাশেই রাখা ছিল। 'আমার একদম ভালো লাগছে না, মিলি,' তিনি বলেছিলেন। 'রাতে লবস্টার খাওয়ার ফল হাতেনাতে পাচ্ছি মনে হয়। আলবার্টকে বলেছিলাম এক বাটি কর্নফ্লাওয়ার করে দিতে, কিন্তু এখন সামনে পেয়েও আর খেতে ইচ্ছে করছে না।'
'কী আপসোস,' মিস ক্লার্ক মন্তব্য করেছিলেন— 'বেশ চমৎকার করে তৈরি করেছে, একদম দলা পাকিয়ে নেই। গ্ল্যাডিস মেয়েটা রাঁধুনি হিসেবে বেশ ভালো। আজকালকার খুব কম মেয়েই দেখি সুন্দর করে কর্নফ্লাওয়ার বানাতে পারে। সত্যি বলতে, আমার নিজেরই এখন এটা খেতে ইচ্ছে করছে, আমি খুব ক্ষুধার্ত।'
'তোমার ওই উদ্ভট স্বভাব নিয়ে তুমি ক্ষুধার্তই থাকবে, এটাই স্বাভাবিক,' মিসেস জোন্স বলেছিলেন।"
স্যার হেনরি থামলেন একটু ব্যাখ্যা দেওয়ার জন্য, "মিস ক্লার্ক নিজের স্থূলতা নিয়ে চিন্তিত হয়ে 'ব্যালেন্সড ডায়েট' বা এক ধরণের কৃচ্ছ্রসাধন (ব্যান্টিং) করছিলেন।
'মিলি, এটা তোমার জন্য একদম ভালো নয়, সত্যিই না,' মিসেস জোন্স জোরাজুরি করেছিলেন। 'ঈশ্বর যদি তোমাকে মোটা বানিয়ে থাকেন, তবে তিনি চেয়েছেন তুমি মোটাসোটাই থাকো। তুমিই বরং এই কর্নফ্লাওয়ারটুকু খেয়ে নাও। এতে তোমার শরীরের খুব উপকার হবে।'
আর অমনি মিস ক্লার্ক বাটিটা টেনে নিয়ে সত্যিই শেষ করে ফেললেন। সুতরাং, বুঝতেই পারছেন, স্বামীর বিরুদ্ধে আমাদের সাজানো মামলাটা তাসের ঘরের মতো ভেঙে পড়ল। ব্লটিং পেপারের লেখাগুলোর ব্যাখ্যার কথা জিজ্ঞেস করলে জোন্স খুব সহজেই উত্তর দিলেন। তিনি বোঝালেন যে, চিঠিটা ছিল অস্ট্রেলিয়ায় থাকা তাঁর ভাইয়ের চিঠির উত্তর, যে তাঁর কাছে টাকা চেয়েছিল। তিনি লিখেছিলেন যে, তিনি পুরোপুরি তাঁর স্ত্রীর ওপর নির্ভরশীল। স্ত্রী মারা গেলে তবেই তিনি টাকার নিয়ন্ত্রণ পাবেন এবং তখন সম্ভব হলে ভাইকে সাহায্য করবেন। তিনি সাহায্য করতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেছিলেন, কিন্তু এও লিখেছিলেন যে পৃথিবীতে হাজার হাজার (Hundreds and thousands) মানুষ একই দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে আছে।"
"আর এভাবেই মামলাটা ভেস্তে গেল?" ডক্টর পেন্ডার বললেন।
"হ্যাঁ, এভাবেই ভেস্তে গেল," স্যার হেনরি গম্ভীরভাবে বললেন। "হাতে কোনো প্রমাণ ছাড়া জোন্সকে গ্রেফতার করার ঝুঁকি আমরা নিতে পারতাম না।"
খানিকটা নীরবতার পর জয়েস বললেন, "ব্যস, সেটুকুই?"
"গত এক বছর ধরে মামলাটা এই অবস্থাতেই ছিল। তবে আসল সমাধান এখন স্কটল্যান্ড ইয়ার্ডের হাতে আছে, এবং দু-তিন দিনের মধ্যে সম্ভবত আপনারা খবরের কাগজে তা দেখতে পাবেন।"
"আসল সমাধান," জয়েস চিন্তিতভাবে বললেন। "আশ্চর্যের বিষয়। চলুন আমরা সবাই পাঁচ মিনিট ভাবি, তারপর কথা বলি।"
রেমন্ড ওয়েস্ট মাথা নাড়লেন এবং নিজের ঘড়িতে সময় দেখলেন। পাঁচ মিনিট শেষ হলে তিনি ডক্টর পেন্ডারের দিকে তাকালেন। "আপনি কি আগে বলবেন?"
বৃদ্ধ মাথা নাড়লেন। "আমি স্বীকার করছি," তিনি বললেন, "আমি পুরোপুরি ধন্দে পড়ে গেছি। আমি শুধু ভাবতে পারি যে স্বামীই কোনোভাবে অপরাধী, কিন্তু তিনি কীভাবে এটা করলেন তা কল্পনাও করতে পারছি না। আমি শুধু এটুকুই আন্দাজ করতে পারি যে তিনি হয়তো এমন কোনো উপায়ে বিষ দিয়েছিলেন যা এখনও আবিষ্কৃত হয়নি, যদিও এত সময় পর সেটা কীভাবে প্রকাশ পেল তা আমার মাথায় খেলছে না।"
"জয়েস?"
"সেই সঙ্গিনী মহিলা!" জয়েস দৃঢ়ভাবে বললেন। "একদম নিশ্চিত! আমরা কীভাবে জানব তাঁর উদ্দেশ্য কী ছিল? তিনি বয়স্ক, মোটা আর কুৎসিত ছিলেন বলেই কি তিনি জোন্সের প্রেমে পড়তে পারেন না? তিনি হয়তো অন্য কোনো কারণে স্ত্রীকে ঘৃণা করতেন। একজন সঙ্গিনী হিসেবে জীবন কাটানোর কথা ভাবুন তো—সবসময় হাসিমুখে থাকতে হয়, সবার কথায় সায় দিতে হয় আর নিজের ভেতরের আবেগগুলোকে চেপে রাখতে হয়। একদিন তিনি আর সহ্য করতে পারেননি এবং তাকে মেরে ফেলেছেন। তিনি সম্ভবত ওই কর্নফ্লাওয়ারের বাটিতেই আর্সেনিক মিশিয়েছিলেন আর নিজে খাওয়ার গল্পটা স্রেফ বানিয়ে বলেছেন।"
"মিস্টার পেথেরিক?"
আইনজীবী ভদ্রলোক পেশাদার ভঙ্গিতে নিজের আঙুলের ডগাগুলো মেলালেন। "আমি ঠিক নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না। তথ্যের ওপর ভিত্তি করে কোনো মন্তব্য করা কঠিন।"
"কিন্তু আপনাকে বলতেই হবে, মিস্টার পেথেরিক," জয়েস বললেন। "আপনি আইনজীবীদের মতো 'পূর্বধারণামুক্ত' বা 'নিরপেক্ষ' থেকে রায় স্থগিত রাখতে পারবেন না। আপনাকে এই খেলায় অংশ নিতেই হবে।"
"তথ্যের বিচারে," মিস্টার পেথেরিক বললেন, "বলার মতো কিছুই নেই। তবে আমার ব্যক্তিগত মতামত হলো—আফসোস, এ ধরণের অনেক মামলা দেখার অভিজ্ঞতা থেকে বলছি—স্বামীই অপরাধী ছিলেন। তথ্যের সাথে মেলে এমন একমাত্র ব্যাখ্যা হতে পারে এই যে, মিস ক্লার্ক কোনো না কোনো কারণে জেনেশুনে তাঁকে আড়াল করেছেন। তাঁদের মধ্যে হয়তো কোনো আর্থিক চুক্তি হয়েছিল। জোন্স হয়তো বুঝতে পেরেছিলেন যে তিনি সন্দেহভাজন হবেন, আর মিস ক্লার্ক নিজের সামনে কেবল দারিদ্র্য দেখে হয়তো মোটা অঙ্কের টাকার বিনিময়ে কর্নফ্লাওয়ার খাওয়ার গল্পটা বলতে রাজি হয়েছিলেন। যদি তাই হয়ে থাকে, তবে সেটা ছিল আইনবিরুদ্ধ। অবশ্যই আইনবিরুদ্ধ।"
"আমি আপনাদের কারোর সাথেই একমত নই," রেমন্ড বললেন। "আপনারা মামলার একটি গুরুত্বপূর্ণ দিক ভুলে গেছেন। ডাক্তারের মেয়ে। আমি আমার ব্যাখ্যা দিচ্ছি—টিনজাত লবস্টার সত্যিই খারাপ ছিল। সেটা থেকেই বিষক্রিয়ার লক্ষণ দেখা দিয়েছিল। ডাক্তারকে ডাকা হলো। তিনি দেখলেন মিসেস জোন্স, যিনি অন্যদের চেয়ে বেশি লবস্টার খেয়েছিলেন, খুব কষ্টে আছেন। আপনারা যেমনটা বললেন, তিনি আফিমের বড়ি আনতে পাঠালেন। তিনি নিজে যাননি, কাউকে পাঠিয়েছেন। সেই বার্তাবাহককে আফিমের বড়িগুলো কে দেবে? নিশ্চিতভাবেই তাঁর মেয়ে। খুব সম্ভবত তিনিই বাবার ওষুধপত্র গুছিয়ে দেন। তিনি জোন্সের প্রেমে পাগল ছিলেন এবং ঠিক ওই মুহূর্তে তাঁর ভেতরের কুপ্রবৃত্তি জেগে ওঠে এবং তিনি উপলব্ধি করেন যে জোন্সকে মুক্ত করার সুযোগ এখন তাঁর হাতে। তিনি যে বড়িগুলো পাঠালেন তাতে ছিল খাঁটি সাদা আর্সেনিক। এটাই আমার সমাধান।"
"এবার স্যার হেনরি, আমাদের বলুন," জয়েস অধীর আগ্রহে বললেন।
"এক মিনিট," স্যার হেনরি বললেন। "মিস মার্পল এখনও কিছু বলেননি।"
মিস মার্পল বিষণ্ণভাবে মাথা নাড়ছিলেন। "হায় রে," তিনি বললেন। "আমার আবার ঘর (Stitch) পড়ে গেছে। গল্পটা শুনতে আমি এতটাই মগ্ন ছিলাম। বড় দুঃখজনক ঘটনা, বড়ই দুঃখজনক। এটা আমাকে মাউন্টে থাকা বৃদ্ধ মিস্টার হারগ্রেভসের কথা মনে করিয়ে দিচ্ছে। তাঁর স্ত্রী কোনোদিনও তাঁকে সন্দেহ করেননি—যতক্ষণ না তিনি মারা গেলেন এবং তাঁর সমস্ত টাকা এমন এক মহিলাকে দিয়ে গেলেন যার সাথে তিনি থাকতেন এবং যাঁর গর্ভে তাঁর পাঁচটি সন্তান ছিল। ওই মহিলা এক সময় তাঁদের বাড়ির পরিচারিকা ছিল। মিসেস হারগ্রেভস সবসময় বলতেন মেয়েটি খুব ভালো—প্রতিদিন তোশক উল্টানোর ব্যাপারে তাঁর ওপর পুরোপুরি ভরসা করা যেত—অবশ্য শুক্রবার বাদে। আর এদিকে বৃদ্ধ হারগ্রেভস পাশের শহরের একটি বাড়িতে ওই মহিলাকে রাখতেন এবং নিজে প্রতি রবিবার চার্চের ওয়ার্ডেন হিসেবে কাজ করতেন।"
"প্রিয় পিসিমা," রেমন্ড কিছুটা অধৈর্য হয়ে বললেন। "সেই মৃত হারগ্রেভসের সাথে এই মামলার কী সম্পর্ক?"
"এই গল্পটা শুনেই আমার তৎক্ষণাৎ তাঁর কথা মনে পড়ল," মিস মার্পল বললেন। "ঘটনাগুলো খুব মিলে যাচ্ছে, তাই না? আমার মনে হয় সেই বেচারা মেয়েটি এখন সব কবুল করেছে এবং সেভাবেই আপনি সব জানতে পেরেছেন, স্যার হেনরি।"
"কোন মেয়ে?" রেমন্ড বললেন। "পিসিমা, তুমি কী নিয়ে কথা বলছ?"
"সেই বেচারা মেয়েটি, গ্ল্যাডিস লিঞ্চ—ডাক্তার যখন কথা বলছিলেন তখন যে ভীষণ ঘাবড়ে গিয়েছিল। আহা রে, বেচারি ঘাবড়াবেই তো। আমি আশা করি ওই পাষণ্ড জোন্সের যেন ফাঁসি হয়, যে ওইটুকু মেয়েকে খুনি বানাল। হয়তো বেচারি মেয়েটারও ফাঁসি হবে।"
"আমার মনে হয় মিস মার্পল, আপনি সামান্য ভুল বুঝছেন—" মিস্টার পেথেরিক শুরু করলেন।
কিন্তু মিস মার্পল একগুঁয়েভাবে মাথা নেড়ে স্যার হেনরির দিকে তাকালেন। "আমি ঠিক বলছি না? এটা আমার কাছে পরিষ্কার। ওই 'হাজার হাজার' (Hundreds and thousands) আর 'ট্রাইফল' মিষ্টি—মানে, এটা কারোরই এড়ানো উচিত নয়।"
"ট্রাইফল আর ওই হাজার হাজার জিনিসের মধ্যে সম্পর্ক কী?" রেমন্ড চিৎকার করে উঠলেন।
তাঁর পিসিমা তাঁর দিকে ঘুরলেন। "বাবা রেমন্ড, রাঁধুনিরা ট্রাইফল মিষ্টির ওপর সাজানোর জন্য সবসময় 'হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস' ব্যবহার করে। ওই যে ছোট ছোট গোলাপি আর সাদা রঙের চিনির দানাগুলো। স্বাভাবিকভাবেই যখন শুনলাম রাতের খাবারে ট্রাইফল ছিল আর স্বামী কাউকেও 'হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস' নিয়ে চিঠি লিখছিলেন, আমি সাথে সাথে দুটোকে মিলিয়ে ফেললাম। আর্সেনিকটা ওখানেই ছিল—ওই রঙিন চিনির দানার ভেতরে। জোন্স ওগুলো মেয়েটার কাছে রেখেছিলেন এবং ট্রাইফলের ওপর ছড়িয়ে দিতে বলেছিলেন।"
"কিন্তু সেটা তো অসম্ভব," জয়েস দ্রুত বললেন। "ট্রাইফল তো সবাই খেয়েছিল।"
"ওহ, না," মিস মার্পল বললেন। "সঙ্গিনী মহিলাটি ডায়েট বা 'ব্যান্টিং' করছিলেন, মনে আছে? ডায়েট করলে কেউ ট্রাইফলের মতো মিষ্টি খায় না। আর আমার ধারণা, জোন্স নিজের ভাগের ওপর থেকে রঙিন চিনির দানাগুলো চেঁছে প্লেটের একপাশে সরিয়ে রেখেছিলেন। বুদ্ধিটা ছিল শয়তানি, কিন্তু খুব চতুর।"
সবার চোখ এখন স্যার হেনরির ওপর। "বড়ই অদ্ভুত ব্যাপার," তিনি ধীরে ধীরে বললেন, "মিস মার্পল একদম ঠিক ধরেছেন। জোন্স ওই মেয়েটিকে, গ্ল্যাডিস লিঞ্চকে বিপদে ফেলেছিলেন (গর্ভবতী করেছিলেন)। মেয়েটি প্রায় মরিয়া হয়ে গিয়েছিল। জোন্স চাইছিলেন তাঁর স্ত্রীকে সরিয়ে দিতে এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন যে স্ত্রী মারা গেলে তিনি গ্ল্যাডিসকে বিয়ে করবেন। তিনি ওই রঙিন চিনির দানাগুলোতে বিষ মিশিয়ে মেয়েটিকে দিয়েছিলেন এবং বুঝিয়ে দিয়েছিলেন কীভাবে ব্যবহার করতে হবে। গ্ল্যাডিস লিঞ্চ এক সপ্তাহ আগে মারা গেছে। জন্মের সময়ই তার সন্তান মারা যায় এবং জোন্স তাকে ছেড়ে অন্য এক মহিলার কাছে চলে যান। মৃত্যুশয্যায় মেয়েটি সব সত্যি বলে গেছে।"
কয়েক মুহূর্ত নীরবতা বিরাজ করল, তারপর রেমন্ড বললেন: "ঠিক আছে পিসিমা, এবার তুমি জিতে গেলে। আমি ভাবতেই পারছি না তুমি কীভাবে সত্যটা ধরতে পারলে। রান্নাঘরের ছোট মেয়েটা যে এই মামলার সাথে যুক্ত হতে পারে, তা আমি স্বপ্নেও ভাবিনি।"
"না বাবা," মিস মার্পল বললেন, "তুমি জীবন সম্পর্কে আমার মতো অতটা জানো না। জোন্সের মতো ওই ধরণের মানুষ—স্থুল  আর আমুদে স্বভাবের। আমি যখনই শুনলাম বাড়িতে একজন সুন্দরী তরুণী পরিচারিকা আছে, আমি নিশ্চিত ছিলাম যে সে তাকে একা ছাড়বে না। এসবই খুব যন্ত্রণাদায়ক আর মর্মান্তিক, আলোচনার মতো খুব ভালো বিষয় নয়। আমি বলে বোঝাতে পারব না মিসেস হারগ্রেভস কতটা বড় ধাক্কা খেয়েছিলেন, পুরো গ্রামে সে এক এলাহি কাণ্ড হয়েছিল।"
অনুবাদকের সংযোজন:
গ্রাম্য পরিবেশে শান্ত সেন্ট মেরি মিডে প্রতি মঙ্গলবার সন্ধ্যায় কয়েকজন মানুষ একত্র হন—এই ‘টিউসডে নাইট ক্লাব’-এর সদস্যরা মূলত গল্পপ্রিয়, কৌতূহলী এবং রহস্য ভালোবাসেন। সেই সন্ধ্যাগুলোতে আলোচনার বিষয় হয় নানা অমীমাংসিত রহস্য—যেগুলোর কোনও স্পষ্ট সমাধান নেই।
একদিনের আড্ডায় এক পুরনো, ধোঁয়াশা-ঘেরা মৃত্যুর ঘটনা নিয়ে আলোচনা শুরু হয়। প্রত্যেকে নিজের মতো করে যুক্তি সাজান—কেউ আইনজীবীর দৃষ্টিতে, কেউ চিকিৎসাবিজ্ঞানের আলোকে, কেউ আবার সামাজিক আচরণের বিশ্লেষণ টেনে আনেন। আলোচনা যত এগোয়, ততই স্পষ্ট হয়—সবাই শিক্ষিত, বুদ্ধিমান, যুক্তিবাদী।
এই আড্ডার মাঝেই নীরবে বসে থাকেন এক বয়স্ক মহিলা—মিস মার্পল। প্রথমে তাঁকে তেমন গুরুত্ব দেওয়া হয় না। তিনি খুব সাধারণভাবে কথা বলেন, গ্রামের মানুষ, ছোটখাটো অভিজ্ঞতার কথা টানেন। কিন্তু ধীরে ধীরে তাঁর কথার মধ্যে লুকিয়ে থাকা সূক্ষ্ম পর্যবেক্ষণ ও মানবস্বভাবের গভীর বোঝাপড়া আলোচনাকে অন্য দিকে নিয়ে যায়।
‘The Tuesday Night Club’ মূলত মিস মার্পলের চরিত্রের পরিচয়পর্ব—যেখানে তিনি প্রমাণ করেন, বড় বড় রহস্য সমাধানের জন্য শুধু পেশাগত দক্ষতা নয়, মানুষের স্বভাব জানাটাই সবচেয়ে বড় চাবিকাঠি।

ভ্রমণ

  পুজো বার্ষিকীঃ ১৪৩৩ ।। মতামত ।। সূচীপত্র

soumendra.webp

মানসের

জঙ্গলে

সৌমেন্দ্র দরবার

বাগুইআটি, কলকাতা

হাতির কথোপকথন.jpg

"পাহাড়, সমুদ্র, নদী তো অনেক হলো, এবার একটু জঙ্গলে গেলে হয় না"। গত বছর সেপ্টেম্বরে শান্তিনিকেতনে আড্ডা মারতে মারতে ঠিক এই কথাটাই হয়ে ছিল আমাদের মধ্যে। দু তিনদিনের ছুটিতে, ঘরের কাছে, আবার পকেট সামলে কোথায় যাওয়া যায় সবাই যখন এই চিন্তায় মশগুল ঠিক তখনি মনে এলো পাশের রাজ্য আসামের কথা। ঠিক প্রকৃতি যেন আসামকে নানা রূপে সাজিয়ে তুলেছে। আসামের জঙ্গল, তাহলে কি কাজিরাঙা? বাণী আর শ্রীময়ী বললো না কাজিরাঙা যাবো না। অন্য কোথাও যাবো। ঠিক তখনি মাথায় এলো ঘরের পাশে মানস ন্যাশনাল পার্কের কথা, যেখানে চোখের সামনে ধরা দেয় সারি সারি বন্যপ্রাণ। সবুজ যেখানে মনকে আরো সবুজ করে তোলে আর মানস নদীর ঘন নীল জল মনকে করে তোলে রঙিন। ঠিক হলো সামনের বসন্তে (মার্চে) হবে আমাদের মানস ভ্রমণ। সেইমতো সৌর্য্য ঠিক দুমাস আগে ট্রেনে টিকিট বুকিংয়ের প্রথম দিনে যাওয়া ও আসার টিকিট কেটে নিলো। হোমস্টেয়ের মালিকের সাথে কথা বলে অ্যাডভান্সও করে দিলো। এবার শুধু দিনগোনার অপেক্ষা, যাওয়ার দিন কবে আসবে। 

১৮ই মার্চ সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ১৫৯৫৯ আপ কামরূপ এক্সপ্রেস হুইসেল দিয়ে নির্ধারিত সময়ে হাওড়া স্টেশন ছাড়লো। আমাদের কোচ এ ১, এ সি টু টিয়ার। এই যা পরিচয় পর্বটাই তো এখনো হয় নি। এবারের ট্রিপে আমরা মোট ৬ জন। সৌর্য্যে, ওর স্ত্রী বাণী, ওর তিন বছরের মেয়ে বরফি, আমি, শ্রীময়ী আর আমার মেয়ে রাই। দাদা ভাইয়ের ছোট্ট পরিবার। ট্রেনে উঠেই শুরু হলো কত গল্প। রাই আর বরফি নিজেরা নিজেদের মত করে সময় কাটাতে লাগলো। চা, বিস্কুট আর চিপস খেয়ে শুরু হলো তাস খেলা। রাত ৮টায় রাতের খাবারের অর্ডার নিতে এলো। ২টো পনির আর ৩টে চিকেন থালি অর্ডার দেওয়া হলো। রাত পৌনে দশটায় খাবার এলো। ডিনার করে সবাই সবাইকে গুডনাইট জানিয়ে শুয়ে পড়লো। সূর্যের প্রথম কিরণ কাঁচের জানলা ঠেলে ঘুম ভাঙালো। ট্রেন অনেক্ষণ হলো নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে বেরিয়ে এসেছে। ট্রেন রানিং স্ট্যাটাসে দেখলাম ট্রেন অন টাইমে চলছে। ব্রেকফাস্ট খেয়ে নানা বিষয় আলোচনা করতে করতে আমরা এগিয়ে চললাম গন্তব্য পথের দিকে। নির্ধারিত সময় থেকে ১০ মিনিট লেটে ১১ টা ৫৫ মিনিটে ট্রেন পৌঁছলো বরপেটা রোড স্টেশনে। ব্যাগপত্তর নিয়ে ট্রেন থেকে নেমে সবাই মিলে গ্রুপ ফটো তোলা হলো। আগে থেকে আমাদের গাড়ি বলা ছিল। একনম্বর প্লাটফর্মএ গিয়ে গাড়িতে ব্যাগপত্তর তুলে শুরু হলো আমাদের স্বপ্নের মানস যাত্রা। আজ আমাদের সারথি আনোয়ার। সকালে বৃষ্টি হয়েছে, এখন ঝলমলে রোদ। স্থানীয় বাজার পেরিয়ে দুদিকের অপরূপ শোভা উপভোগ করতে করতে এগিয়ে চললাম। মিনিট ৪০ বাদে দূরে দেখা গেলো মানস ন্যাশনাল পার্কের বিশাল গেট। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যা তার অসামান্য প্রাকৃতিক সৌন্দর্য, বাঘ, এবং একশৃঙ্গ গণ্ডারের জন্য বিখ্যাত। গাড়ি তোরণ গেট পেরিয়ে বাঁদিকে ঘুরলো। মিনিট খানেক যাবার পর আমরা এসে উপস্থিত হলাম মানস অর্কিড হোমস্টেটে। প্রথম দর্শনেই মনটা বেশ ভালো হয়ে গেল। মনে মনে যা ভেবেছিলাম বাস্তবে তার থেকেও ভালো। হোমস্টেয়ের মালিক কৃষ্ণ পাঠক একগাল হাসি নিয়ে আমাদের অভ্যর্থনা জানালো। অতি অমায়িক ব্যবহার। ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আমাদের বরণ করে নেওয়া হলো। আগে থেকেই আমাদের কটেজ বুক করা ছিল। পাশাপাশি ৩টি কটেজের ২টিতে আমরা থাকবো। নতুন কটেজে আমরাই আজ প্রথম অতিথি। ঘর দেখে মন ভোরে গেল। কৃষ্ণ বললো, আপনাদের হাতে একঘন্টা সময় আছে, এরমধ্যে স্নান খাওয়াদাওয়া করে রেডি হয়ে নিন। আপনাদের জন্য আফটারনুন সাফারি বুক করা আছে। আড়াইটার মধ্যে জঙ্গলে এন্ট্রি নিতে হবে। মনটা আনন্দে নেচে উঠলো। সবাই স্নান করে রেডি হয়ে ডাইনিং এরিয়াতে এলাম। আজ দুপুরে আমাদের নিরামিষ থালি সঙ্গে তিনটে চিকেনের প্লেট। থালিতে ছিল ভাত, ডাল, ফুলকপির তরকারি, আলুভাজা, স্যালাড ও আচার। খাবারের স্বাদ এতটাই ভালো ছিল যে সবাই নিরামিষ খাবারই মহানন্দে খেয়ে নিলো আর চিকেনগুলো রাতের জন্য তুলে রাখলো। খাওয়া যখন শেষ হলো, ঘড়িতে তখন ২টো কুড়ি। টুকটাক কিছু খাবার কাগজে প্যাক করে নিলাম। মানসের জঙ্গলে প্লাষ্টিক সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি মিনারেল ওয়াটার বোতল ও নিষিদ্ধ। আমরা আগে থেকেই নন ডিস্পোসেবল বোতল সঙ্গে এনেছিলাম। তাতে জল ভোরে জিপে উঠলাম। আজ সাফারিতে আমাদের সারথি বিলাল। বরফি আর রাইয়ের উৎসাহ ছিল সব থেকে বেশি। জিপ মেন গেটে এসে দাঁড়ালো। বিলাল ফরেস্ট অফিসে পারমিশন দেখিয়ে সই করে এলো। এন্ট্রি নিলাম মানসের জঙ্গলে। একটা অন্যরকম ভালো লাগায় মনটা ভরে গেল। দুটো ময়ুর আমাদের অভিবাদন জানলো। কি তাদের রূপ। সৌর্য্যের ক্যামেরার শাটার পড়তে শুরু করে দিলো। জিপ এগিয়ে চললো গভীর অরণ্যে। যারা পাখি ভালোবাসে মানস তাদের কাছে স্বর্গ রাজ্য। বিলাল বর্ণনা দিতে দিতে একটার পর একটা পাখি দেখতে লাগলো আর আমরা ছবি তুলতে লাগলাম। কিছু ক্যামেরায় ধরা দিলো কিছু রইলো মনের অলিন্দে। দেখতে দেখতে আমরা এলাম মানস নদীর পাড়ে। জায়গাটা অপূর্ব সুন্দর। দুদিকে জঙ্গল তার মাঝখান দিয়ে বয়ে চলেছে মানস নদী। দেখা মিললো ওয়াটার বাফেলোর। অনেকটা দূরে মোবইলে ছবি ভালো এলো না। মনটা একটু খারাপ হয়ে গেল। বিলাল বললো স্যার "এ তো ট্রেলার হে, পিকচার আভি বাকি হ্যায়"। কিন্তু এখনো অবধি পাখি ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। গাড়ি ডানদিকে টার্ন নিলো। সামান্য যাওয়ার পর বাঁদিকে দেখা দিল উন্মুক্ত ঘাসের জমি সঙ্গে একপাল বন্য হাতি। সবাই আনন্দে আত্মহারা। ছবির পর ছবি উঠলো। আরো কিছুদূর যাবার পর দেখা পেলাম নীলকন্ঠ পাখির। কি যে তার রূপ তা ভাষায় প্রকাশ করতে পারবো না। এদিকে ছবি তোলার আগেই হগ ডিয়ার রাস্তা পেরিয়ে গেল। এবার সবার মনে পুলক। ধীরে ধীরে আলো কমে আসতে লাগলো। সূর্য পশ্চিমে ঢোলে পড়তে শুরু করেছে। জঙ্গলের বুকচিরে এগিয়ে চলেছে আমাদের জিপসি। অনবরত ডানদিকে বাঁদিকে নানা পাখির ছবি তোলা। ঘাড় ব্যাথা হয়ে গেল। আবারো দেখা মিললো একটি পুরুষ ও একটি স্ত্রী হাতির, সঙ্গে বাচ্চা। সম্পূর্ণ পরিবার নিয়ে পারিবারিক ভ্রমণ। আরো কিছুটা গিয়ে দূরে দেখা পেলাম কয়েকশো লম্বা শিঙওয়ালা বুনো বাইসনের। বিলাল বললো আমরা ওদের সামনে দিয়েই যাবো। সোজা গিয়ে জিপ ডানদিকে ঘুরে একটি নালার সামনে দাঁড়ালো। আমাদের থেকে ৫০ - ৬০ মিটার দূরে একদল বাইসন। সবাই ছবি তুলতে মন দিলো। ওরাও মাঝে মাঝে পোজ দিতে লাগলো। জীবনে এই প্রথম এতো বাইসন একসাথে দেখলাম। তাও আবার বন্য। আনন্দও হলো আবার ভয় ও লাগলো যদি তেড়ে আসে। না সে সব কিছুই হলো না। অনেকক্ষণ সময় কাটিয়ে সামনের পথ ধরলাম। সন্ধে প্রায় হয় হয়। দূরে বেশ কয়েকটা হরিণ দেখতে পেলাম। কম আলোতে ছবি আর তুলতে পারলাম না। ধীরে ধীরে গেটের কাছে এলাম। বিলাল সই করে এলো। ফিরে চললাম মানস অর্কিড হোমস্টেটে। ফ্রেশ হয়ে চা আর পাকোড়া অর্ডার করে দিলাম। খুব খিদে পেয়েছে বলে বাণী আর শ্রীময়ী সঙ্গে তিনটে ম্যাগি আরো দিতে বললো। আমি আর সৌর্য্য একটু কেনাকাটা করতে বেরোলাম, কাছাকাছি কোনো দোকান নেই, প্রায় দু কিলোমিটার যেতে হবে। অন্ধকার রাস্তা সঙ্গে ময়ূরের ডাক। এক মায়াবী পরিবেশ। কেনাকাটা করে আবার অন্ধকার রাস্তা পেরিয়ে ফিরে এলাম হোমস্টেতে। এ এক অন্যরকম অভিজ্ঞতা সঞ্চয় করলাম। এবার চা খেতে খেতে চললো তাস খেলা। রাই ফোন দেখছে আর বরফি ছবি কালার করছে। রাত পৌনে দশটায় ডিনারে ডাক পড়লো। বাইরে বেশ ঠান্ডা হওয়া বইছে। রুটি, তরকারি, স্যালাড, আচার আর চিকেন দিয়ে জমিয়ে ডিনার হলো। কাল আমাদের ভুটান সফর। সবাই খুব এক্সসাইটেড। আমি আর রাই সামনের অন্ধকার রাস্তায় হাঁটতে বেরোলাম। একটা পেঁচা বিকটভাবে ডেকে গেল। মিনিট দশেক বাদে ফিরে এলাম। কাল সকাল সকাল উঠতে হবে, সবাইকে গুডনাইট জানিয়ে পাড়ি দিলাম ঘুমের দেশে।                     ভোর ৩টে, ঝমঝম শব্দে ঘুমটা ভেঙে গেল। ব্যালকনিতে বেরিয়ে দেখি মুষলধারে বৃষ্টি পড়ছে। চারিদিকের নিকশ অন্ধকার ভেদ করে অবিরাম বারিধারা নিজস্ব খেয়ালে ঝরে পড়ছে। এই বৃষ্টিতে সারা দিনের সাফারি কিভাবে হবে ভাবতেই মনটা খারাপ হয়ে গেল। চিন্তায় ঘুম আর কিছুতেই এল না। ধীরে ধীরে ভোরের আলো ফুটল। কখনো জোরে কখনো আসতে বৃষ্টি পড়েই চলেছে। সকাল সাতটায় বৃষ্টির দাপট কিছুটা কমে এল। মেঘ কাটতে শুরু করল। সবাই স্নান করে রেডি হতে থাকলাম। আটটা নাগাদ বৃষ্টি থেমে গেল। পুরি, আলু মটরের তরকারি, ম্যাগি আর চা দিয়ে ব্রেকফাষ্ট সেরে সবাই রেডি। বরফি আর রাই এর উৎসাহ আজও সবথেকে বেশি। সে কি আনন্দ ওদের বলে বোঝাতে পারব না। আমাদের ড্রাইভার বিলাল সবাইকে জিপে উঠতে বলল। ঠিক নটায় সাফারি শুরু হল। আজ আমরা প্রথমে যাব মাথানগুড়ি, পরে সেখান থেকে বর্ডার পেরিয়ে ভূটান। ইন্টারন্যাশনাল সফরের আনন্দে সবাই মশগুল। মানসের গেটে প্রয়োজনীয় নথিপত্র দেখিয়ে আমরা গভীর জঙ্গলে প্রবেশ করলাম। বৃষ্টিভেজা জঙ্গল যেন আজ আরো সবুজ। পাতার এক অদ্ভুত সুন্দর গন্ধে চারিদিক ভরে আছে। বৃষ্টি থামার পর সূর্যের আলো পড়ছে নদীর জলে, সবুজ ঘাস রোদের আলোয় ঝলমল করছে, আর দূর থেকে শোনা যাচ্ছে হাতির তূর্যধ্বনি। এমন মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে বারেবারে মানসে ছুটে আসা যায়। অন্যান্য জিপের সাথে আমাদের জিপ ও এগিয়ে চলল। কিছুদূর যেতেই দুটো হগ ডিয়ার জঙ্গলের ডানদিক থেকে রাস্তা পেরিয়ে নিমেষে বাম দিকের জঙ্গলে চলে গেল। চারিদিকে কত নাম না জানা পাখি। বিলাল তাদের সাথে আমাদের পরিচয় করিয়ে দিতে লাগল। কিছু পাখিকে ক্যামেরা বন্দী করলাম কিন্তু বেশিরভাগই বন্দী হয়ে রইলো মনের ক্যানভাসে।

আরো কিছুটা এগিয়ে দেখা মিলল গজরাজের। নিশ্চিত মনে গাছের পাতা খেতে ব্যস্ত। যেতে যেতে দেখা মিলল বিপন্ন প্রজাতির বেঙ্গল ফ্লোরিকান, গ্রেটার র‍ম্যাকেট-টেইলড ড্রঙ্গো, বিরল প্রজাতির রুফাস-নেকড লাফিংথ্রাশ, মাছরাঙা, আরও কত নাম না জানা পাখির। মানস পাখি প্রেমিদের কাছে সত্যিই স্বর্গরাজ্য, যেখানে ৪৫০টিরও বেশি প্রজাতির আবাসিক ও পরিযায়ী পাখির দেখা মেলে। কাঠবিড়ালীর খুনসুটি, গিরগিটির রঙ পাল্টানো আর প্রজাতিদের মধু আহরণ দেখতে দেখতে আমরা পৌঁছলাম আপার মাথানগুড়ি বনবাংলোতে। সামনে মানস নদী, দূরে ভূটান পাহাড় আর পিছনে গভীর অরণ্য, সে এক নয়নাভিরাম দৃশ্য। ক্যামেরার শার্টার চলল তার আপন খেয়ালে। মানস নদীর তীরে অবস্থিত এই ফরেস্ট বাংলো থেকে ভুটান পাহাড়ের দৃশ্য এবং নদীর শান্ত পরিবেশ মুগ্ধ করার মতো। আসাম সরকার এখন আর টুরিস্টদের এই বন বাংলোয় থাকতে দেয় না। বাংলোর দোতলায় একটা খুব সুন্দর মিউজিয়াম আছে। আমরা সবাই সেটা ঘুরে দেখলাম। ক্যান্টিন থেকে গরম গরম ম্যাগি আর চা নিয়ে নদীর ধারে বসে খেলাম। সামনে উন্মুক্ত প্রাকৃতিক শোভা। মানস নদীর তীরে অবস্থিত এই ফরেস্ট বাংলো থেকে ভুটান পাহাড়ের দৃশ্য এবং নদীর শান্ত পরিবেশ মুগ্ধ করার মতো। তারপর আরও কিছু ছবি তুলে এগিয়ে চললাম ভূটানের রয়্যাল মানসের দিকে। জিপ এসে দাঁড়ালো ভুটান বর্ডার চেকপোস্টে। আমাদের হোমস্টের মালিক কৃষ্ণ পাঠক আগে থেকেই আমাদের জন্য প্রয়োজনীয় পারমিট করিয়ে রেখেছিলো। ড্রাইভার বিলাল সবার আই ডি দেখিয়ে এন্ট্রি করিয়ে নিল। সামনে দিয়ে বয়ে চলেছে বেকি নদী, ওপারে ভুটান পাহাড় যার প্রাকৃতিক শোভা অতি মনোরম। সবাই ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়লো। রাই আর বরফি বিভিন্ন পোজে ছবি তুলতে লাগলো। বিলাল সবাইকে তাড়া দিয়ে জিপে তুললো। ধীরে ধীরে ইন্দো ভুটান বর্ডার পেরিয়ে আমরা ভুটানে প্রবেশ করলাম। কিছুদূর এগিয়ে জিপ থামলো। বাঁদিকের গাছে হলদে কালো সাদা রঙের হর্নবিল। লম্বা হলুদ ঠোঁটে কি যে অপূর্ব লাগছিলো তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। তারা উড়ে চলেছে একডাল থেকে অন্য ডালে। ক্যামেরার শার্টার ঘন ঘন পড়তে লাগলো। অনাবিল আনন্দে মন ভোরে গেল। অনেক্ষণ সময় কাটিয়ে আবার এগিয়ে চললাম। চারিদিকের দৃশ্য এতটাই মনোরম চোখ ফেরানো দায়। চোখের পলক ফেলার আগেই স্পটেড ডিয়ার রাস্তা পেরিয়ে গেল। সামনে দু-দুটো অসম্ভব ভালো মনেস্ট্রি দেখে, বেকি নদীর ব্রিজ পেরিয়ে জিপ এসে দাঁড়ালো পানবং এর মারাংদত্ত

জঙ্গল লজ এ। এদের রেস্তোরাঁতে আজকে আমাদের দুপুরের খাবার ব্যবস্থা। জায়গাটা অসাধারণ। নদীর ধরে পাহাড়ে ঘেরা লজ। খাওয়া ভুলে সবাই লজ ঘুরতে ব্যস্ত। অগত্যা সৌর্য্য সবার খাবার অর্ডার দিলো। সবার নিরামিষ খালি আর সঙ্গে তিনটে ওমলেট। মিনিট পনেরো বাদে পেতলের থালা বাটিতে সুসজ্জিত খাবার পরিবেশিত হলো। আমি সঙ্গে একটা ভুটানি পদ নিলাম। নাম "ঈমাদাসী"। কাঁচালঙ্কা, পেঁয়াজ, রসুন আর আদা দিয়ে তৈরি অসাধারণ একটা আচার। বাকিরা যারা খাবে না বলেছিলো তারাও একচামচ করে টেস্ট করলো। রাই আর বরফির তো ওমলেট বেজায় ভালো লাগলো। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এবার ফেরার পথ ধরলাম। ঘড়িতে তখন তিনটে। হ্যাঙ্গিং ব্রিজ এর কাছে এসে বিলালকে বললাম আমাদের তিনজনকে নামিয়ে দিয়ে ওপারে চলে যেতে। রাই, বাণী আর আমি নেমে পড়লাম, পুরোনো ব্রিজটা হেঁটে পার হবো বলে। অনেকদিনের পুরোনো ব্রিজ, বেশ ভয় ভয় লাগলো, আবার  ভালোও  লাগছিলো। চারিদিকের দৃশ্যপট অনবদ্য। ঘন্টার পর ঘন্টা এখানে কাটিয়ে দেওয়া যায়। সৌর্য্য আর শ্রীময়ী ওপার থেকে আমাদের ছবি তুলছিলো। এবার জিপে উঠে সবাই বললো সামনের মার্কেটে যাবে। বাঙালি বিদেশে এসেছে কিছু না কিনে কি বাড়ি যাবে? অগত্যা বেচারা বিলাল, মার্কেটে একটা বড়ো দোকানের সামনে গাড়ি দাঁড় করালো। ভুটানি কোল্ডড্রিঙ্কস, চকলেটস আর কিছু কসমেটিকস কিনে আবার পাহাড়ি জঙ্গলের পথ ধরে পথ চলা। বর্ডারের কাছে এসে আবারও হর্নবিলদের দেখা পেলাম। আবার ছবি তোলা শুরু। হর্নবিলদের ফ্রেমবন্দি করে এবার বর্ডার পেরোলাম। শেষ হলো ঝটিকা ভুটান সফর। এবার আবার ভারতে ফিরে যাওয়া। জঙ্গলের পথ ধরে জিপ এগিয়ে চললো। কিছুদূর এগিয়েই চোখে পড়লো নীলকণ্ঠ পাখির। তারপর হলুদ, সবুজ, লাল, সাদা, কালো রংবেরঙের কত পাখি যে ধরা দিলো চোখের ক্যানভাসে তার হিসাব দিতে গেলে একটা বই লেখা হয়ে যাবে। সে সব সযত্নে থাক মনের গভীরে। দুদিকের ঘন সবুজ জঙ্গল ভেদ করে আমাদের জিপ এগিয়ে চললো। সামনে দেখা মিললো দিগন্ত বিস্তীর্ণ

তৃণভূমির আর একপাল বন্য হাতির। সে এক নয়নাভিরাম দৃশ্য। জিপ স্টার্ট বন্ধ করে দিলো। চললো হাতিদের খুনসুটি দেখা। বিলাল বললো, স্যার প্রায় পাঁচটা বাজে এখনো অনেকটা পথ বাকি, গেট বন্ধ করে দেবে। অগত্যা আবার চলা। হঠাৎ দূরে আবছা বেশ কয়েটা প্রাণী দেখা গেল। খালি চোখে ঠিক বোঝা যাচ্ছে না। সৌর্য্য বাইনোকুলার দিয়ে দেখে বললো ‘রাইনো’। অবশেষে তাঁর দেখা মিললো। আসামের বিখ্যাত একশৃঙ্গ গন্ডার। বাইনোকুলারে সবাই একবার করে চোখ রেখে দেখে নিল। পড়ন্ত বিকেলে অস্তমিত সূর্যের আভা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। ধীরে ধীরে অন্ধকার নামতে লাগলো। হঠাৎ বিলাল জিপ দাঁড় করিয়ে দিলো। ডানদিকে তাকিয়ে দেখলাম হাত চারেক দূরে জঙ্গলের মধ্যে আমাদের দিকে চেয়ে দাঁড়িয়ে রয়েছে একটা সম্বর ডিয়ার। যেন স্ট্যাচু। ক্যামেরা বন্দী করে এগোলাম। ঘড়িতে পৌনে ছটা। এবার ভয় করতে লাগলো। আজ বনকর্মীরা গেটে ফাইন করবেই। অবশেষে ছয়টায় মেইন গেটে পৌঁছলাম। বিলাল গিয়ে কি সব কথা বলার পর গেট খুলে দিলো। বুকে যেন বল এলো। বিলালের মতো ড্রাইভার পেয়ে আমরা যে স্মৃতি সঞ্চয় করলাম তা অক্ষত হয়ে থাকবে। ফিরে এলাম অর্কিড হোমস্টেতে। ফ্রেশ হয়ে চা আর পাকোড়া খেতে খেতে চললো তাস খেলা। বরফি আর রাই নিজেরা খেলতে লাগলো। রাত সাড়ে-নটায় ডিনারের ডাক পড়লো। রুটি, আলু বেগুন বড়ির তরকারি, স্যালাড, আচার আর চিকেন কষা দিয়ে জমিয়ে ডিনার হলো। কৃষ্ণ পাঠকের সঙ্গে অনেকক্ষণ কথাও হলো। অবশেষে সবাই সবাইকে গুডনাইট জানিয়ে পাড়ি দিলাম ঘুমের দেশে।      
ঘুম ভাঙলো ঠিক পাঁচটায়। বাইরে তখন অঝোরে বৃষ্টি পড়ছে। সকাল ছটায় এলিফ্যান্ট সাফারি। যা বৃষ্টি পড়ছে তাতে এলিফ্যান্ট সাফারি কিছুতেই সম্ভব নয়। স্বভাবতই মনটা তাই খারাপ। দরজা খুলে দেখি বাইরের লনে সৌর্য্যে ছাতা মাথায় শুকনো মুখে দাঁড়িয়ে রয়েছে। সাফারি না হওয়ার জন্য দুজনেরই কিছু ভালো লাগছিলো না। ঘরে গিয়ে শুয়ে পড়লাম। বৃষ্টির তোড়টা একটু কমলো। হঠাৎ ৬টা ১৫ মিনিট নাগাদ কৃষ্ণ এসে ডাকলো। ফরেস্ট রেঞ্জার ফোন করেছিল, এলিফ্যান্ট সাফারিতে যেতেই হবে, এখুনি রেডি হয়ে নিন। আমি আর রাই ২ মিনিটে রেডি হয়ে বাইরে এলাম। শ্রীময়ী বললো সাফারিতে যাবে না। সৌর্য্য আর বাণী তখনও রেডি হচ্ছে। কৃষ্ণ বললো আপনাদেরকে আগে রেখে আসি তারপর সৌর্য্য স্যারদের নিয়ে যাবো। ছাতা নিয়ে জিপে চেপে আমি আর রাই পৌঁছলাম এলিফ্যান্ট সাফারির স্টার্টিং পয়েন্টে। ইতিমধ্যে সৌর্য্য কৃষ্ণকে ফোন করেছে। ও আবার ওদের আনতে ছুটলো। তিন মিনিটের মধ্যে ওরাও চলে এলো। টিপ্ টিপ্ করে বৃষ্টি পড়ছে। ছাতা মাথায় দিয়ে শুরু হলো আমাদের সাফারি। একটা হাতিতে আমি আর রাই, অন্য আর একটাতে সৌর্য্য আর বাণী। চারিদিকের সবুজে চোখ ও মন দুটোই ভরে গেল। সে এক অন্য অভিজ্ঞতা। মর মর শব্দে গাছপালা ভেঙে দুলতে দুলতে আমাদের হাতিরা এগিয়ে চললো। আমি আমাদের মাহুতকে জিজ্ঞাসা করলাম গন্ডার কি দেখতে পাবো? সে বললো স্যার কপাল ভালো থাকলে দেখা মিলতেও পারে। মিনিট দশেক পর মাহুত বললো স্যার ডানদিকে দেখুন, গন্ডার। মন আনন্দে নেচে উঠলো। মাত্র তিন - চার হাত দূরে মা ও মেয়ে নিশ্চিন্ত মনে বৃষ্টিতে ভিজতে ভিজতে ঘাস খাচ্ছে। হাতি দাঁড়িয়ে পড়লো। কত যে ছবি নিলাম তা আর মনে নেই। সামনে এগোতেই বাঁদিকে কুচ্কুচে কালো ওয়াটার বাফেলো আমাদের দিকে একদৃষ্টে চেয়ে আছে। পরে জলার মধ্যে আরো দুটো গন্ডারের দেখা পেলাম। নানা ধরনের বক, পাখি, ময়ূর, হরিণ দেখে শেষ হলো আমাদের একঘন্টার এলিফ্যান্ট সাফারি। যা দেখলাম আর যা অভিজ্ঞতা সঞ্চয় করলাম বহুদিন মনের মনিকোঠায় সযত্নে রক্ষিত থাকবে। হাতিদের সঙ্গে অনেক ছবি তোলা হলো। গেট থেকে বেড়িয়ে সামনের দিগন্ত বৃস্তিত চা বাগানে চললো ছবি তোলার পালা। চারিদিকের উন্মুক্ত সবুজে মন ও সবুজ হয়ে গেল। ফিরে এলাম হোমস্টেতে। টিপ্ টিপ্ করে বৃষ্টি পরেই চলেছে। 

 

 

 

​

 

কৃষ্ণই দুঃসংবাদটা জানালো। এই বৃষ্টিতে আজ রাফটিং বন্ধ। আমি আর সৌর্য্য কৃষ্ণর সাথে আলোচনায় বসলাম। আজ আমাদের ফিরে যাওয়ার ট্রেন রাত আটটায়। সারাদিন কি করা যায়। আলোচনা করতে করতে কৃষ্ণ বললো পশ্চিম মানসের জঙ্গলটা ঘুরে যান স্যার, এখনো বেশি ট্যুরিস্টদের ছোঁয়া লাগেনি। খুব ভালো লাগবে। সঙ্গে সঙ্গে ডিসাইড করলাম যাব। কৃষ্ণ পরামর্শ দিলো আপনারা একেবারে চেকআউট করে দশটা নাগাদ বেরিয়ে যান, লাগেজ এখান থাকে আমি গাড়ি করে পাঠিয়ে দেব। আরো বললো বিকেলে গাড়ি আপনাদের কে বরপেটা রোড থেকে নিয়ে নিউ বঙ্গাইগাওঁ স্টেশনে পৌঁছে দিয়ে আসবে। যেমন ভাবা তেমনি কাজ। বাগপত্তর গুছিয়ে রেডি হয়ে ডাইনিংয়ে এলাম ব্রেকফাস্ট করতে। আজ ব্রেকফাস্ট এ পুরি, সব্জি, ডিম সিদ্ধ, ম্যাগি আর চা। মুশকিল একটাই, আজ ঈদ, তাই বিলাল ও নেই। নতুন ড্রাইভার, অন্য জিপ। কি আর করা, তাই সই। আমাদের একটু লেট হলো। সাড়ে দশটার সময় আমরা রওনা দিলাম। অনেকটা রাস্তা, প্রায় ৪০ কিলোমিটার। জিপ চললো ঝড়ের গতিতে। মাঝে মাঝে রাস্তা খুব খারাপ ছিল। চারিদিকের দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম। বারোটার সময় আমরা এসে পৌঁছলাম জঙ্গলের এন্ট্রি গেটে। জঙ্গলের নামটাই তো এখনো বলা হয়নি। আজ আমরা এক্সপ্লোর করবো 'কহিতামার' জঙ্গল। এটা পশ্চিম মানস। কৃষ্ণ আগেই বিট অফিসে ফোন করে সব ব্যবস্থা করে রেখে ছিল। আধ ঘন্টার মধ্যে ড্রাইভার এন্ট্রি পারমিট করিয়ে সঙ্গে গাইড এবং বন্দুকধারী গার্ড নিয়ে ফিরে এলো। জঙ্গলে প্রবেশ করলাম। সবুজ ঘাসজমির ওপর দিয়ে ছুটে চললো আমাদের জিপ। অপূর্ব সে দৃশ্য। মিনিট দশেক যাবার পর শুরু হলো আসল জঙ্গল। নিচে ঘাস জমি তার ওপরে রুক্ষ গাছের সারি, মাঝে মাঝে বিশাল বড়ো বড়ো গাছ। সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে জঙ্গলে এসে পড়ে এক মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে। আমাদের বিদেশ মনে হলো। ভারতে যে এইরকম জঙ্গল আছে জানতামই না। এই জঙ্গলের স্বাদ নেওয়ার জন্য যে কোনো মূল্য দেওয়া যায়। নীলকণ্ঠ যে কত ধরণের হতে পারে তা এখানে না এলে কোনো ধারণা হতো না। সারি সারি বক উড়ে বেড়াচ্ছে। ময়ূর চলেছে হেলে দুলে। সবুজ কালো হাজারো পাখি ডালে ডালে বসে শিস্ দিচ্ছে। মাঠে আপনমনে হরিণ ঘুরে চড়ে বেড়াচ্ছে। কিছুক্ষণ পরে দেখা মিললো গজরাজের। একটা পুরুষ অন্যটা স্ত্রী। পুরুষ হাতিটার বিশাল দাঁত। হঠাৎ তারা আমাদের খেয়াল করলো। কিছুক্ষণ একদৃষ্টে আমাদের দিকে চেয়ে আমাদের দিকে পা বাড়ালো। ভয়ে সবার হার্ট বন্ধ হয়ে যাবার জোগাড়। দাঁতাল হাতিটি গুটিগুটি পায়ে আমাদের দিকে এগোতে থাকল। সবাই ভয়ে কাঠ হয়ে গেল। ড্রাইভার জিপ স্টার্ট দিয়ে সামনের দিকে অগ্রসর হল। বেশ অনেকটা যাওয়ার পর পিছন ফিরে দেখলাম গজরাজ রণে ভঙ্গ দিয়েছেন। এবার স্বস্তি। আমরা আবার এগিয়ে চললাম। সামনের বাঁদিকের উন্মুক্ত তৃণভূমিতে অনেকগুলো ইন্ডিয়ান গোউর এর দেখা পেলাম। ক্যামেরা বন্দী হলো তারা। জিপ প্রবেশ করলো আরো গভীর জঙ্গলে যেখানে সূর্যের আলো প্রায় ঢোকেই না। রীতিমতো গা ছম্ছমে পরিবেশ। আমরা ছাড়া আর কোনো টুরিস্ট এখানে নেই। মিনিট কুড়ি জিপ সাফারি করে আমরা এসে পৌঁছলাম মানস নদীর তীরে। উল্টোদিকে ভুটান পাহাড়, সামনে দিয়ে বয়ে চলেছে মানস নদী। অপূর্ব সুন্দর দৃশ্য। বানেশ্বর বললো, আপনারা এনজয় করুন আর ছবি তুলে নিন। নদীর পারে পাথরের ওপর বসে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে লাগলাম দূষণহীন প্রকৃতিকে। কত রকমের পোজে সবাই ছবি তুলতে লাগলো। রাই, বরফি, বাণী, শ্রীময়ী, সৌর্য্য আর আমি সবাই একসাথে গ্রুপ ফটো তুললাম। গাইড বানেশ্বর ফটো তুলে দিলো। এবার ফিরে যাওয়ার পালা। সবাই আবার জিপে উঠে পড়লাম। সবে মিনিট দুয়েক এগিয়েছি, বানেশ্বর বলল, টায়ার পাংচার। বিপদ যেন আমাদের পিছু ছাড়ছে না। ভাগ্যিস গাড়িতে একটা এক্সট্রা টায়ার ছিল, তাই মনে একটু বল পেলাম। ড্রাইভার ও বানেশ্বর টায়ার চেঞ্জ করতে বসল। সৌর্য্য ও হাত লাগাল। গার্ড চারিদিকে লক্ষ রাখতে লাগল যাতে কোন জন্তু জানোয়ার অ্যাটাক না করে। মিনিট পনেরো পরে জিপ আবার স্টার্ট নিলো। প্রচুর ময়ূর আর হরিণের দেখা পেলাম। দেখা মিললো গোল্ডেন লেঙ্গুরের। অসংখ্য পাখি দেখতে দেখতে এগিয়ে চললাম। সামনে নদী পড়লো, আমাদের জিপ সন্তর্পণে নুড়ি পাথরের ওপর দিয়ে নদী পেরোলো। অর্ধেকেরও বেশি পথ যখন পেরিয়েছে, ঠিক তখনই বানেশ্বর আবার দুঃসংবাদ বয়ে নিয়ে এলো। স্যার, চেঞ্জ করা টায়ারটা আবার পাংচার। আর বাঁচার কোনো পথ খোলা নেই, জঙ্গলেই প্রাণটা দিয়ে দিতে হবে। কারো মুখ থেকে কোনো শব্দ বের হলো না। বানেশ্বর ড্রাইভারকে বললো খুব আস্তে আস্তে চালাতে। ধীরে ধীরে জিপ চলতে লাগলো। ডানদিকের নালায় একটা বিশাল ওয়াটার বাফেলো আগুন চোখে আমাদের পর্যবেক্ষণ করছে। আমরা না দাঁড়িয়ে এগিয়ে চললাম। মিনিট খানেক যাওয়ার পর জিপ দেহ রাখলো। টিপ্ টিপ্ করে বৃষ্টি পড়ছে, আকাশে মেঘ, আলো কমে আসছে। কারো মাথা আর কাজ করছে না। দূর থেকে কোনো জন্তুর একটা বিকট আওয়াজ ভেসে আসছে। ভয়ার্ত পরিবেশ। গার্ডকে বললাম ফরেস্ট অফিসে ফোন করতে। তিনি বললেন ‘স্যার’ ফোনে টাওয়ার নেই। সত্যিই তো, কারো ফোনেই টাওয়ার নেই। ভয়ে সবার হার্ট আবার বন্ধ হয়ে যাবার যোগার। আমার বি এস এন এল সিমএ টাওয়ার কিছুটা ছিল বলে আমার ফোন থেকে ফরেস্ট বিট অফিসে ফোন করতে বললাম। গার্ড ফোনে অনেক্ষণ কথা বললো। তারপর আমাদেরকে বললো আধ ঘন্টার মধ্যে বিট অফিসের থেকে গাড়ি পাঠাচ্ছে। এবার বানেশ্বর ও ড্রাইভার কৃষ্ণ পাঠকের সাথেও কথা বললো। সৌর্য্যকে বললাম যে ড্রাইভার আমাদেরকে স্টেশনে নিয়ে যাবে সেই আনোয়ার এর সাথে কথা বলে নিতে, যাতে সে গাড়ি বিট অফিসে নিয়ে আসে। সেইমতো কথা বলে সৌর্য্য আনোয়ারকে সব বুঝিয়ে দিলো। আনোয়ার রাজি হলো গাড়ি নিয়ে বিট অফিসে আসতে শুধু ওকে কিছু বেশি টাকা দিতে হবে। এই বিপদের সময়ে আমরা রাজি হয়ে গেলাম। এবার নিস্তব্ধ জঙ্গলে টিপ্ টিপ্ বৃষ্টির মধ্যে রুদ্ধশ্বাস প্রতীক্ষা। এক একটা মিনিট, এক একটা ঘন্টা মনে হতে লাগলো। হাতির ডাক, পাখিদের কলতান, ময়ূরের ডাক, চারিদিকে ঝিঁ ঝিঁ পোকার শব্দ সব মিলেমিশে সে এক রোমহর্ষক পরিবেশ। এরই মধ্যে দুটো হুনুমান বিকট আওয়াজ করে এক ডাল থেকে অন্য ডালে চলে গেল। গার্ড বললো, এতো বাঘ থাকার লক্ষণ, মনে হচ্ছে কাছাকাছি বাঘ থাকলেও থাকতে পারে। আগের সপ্তাহে বাঘ একটা মহিষ মেরেছে। সবাই প্রাণ হাতে করে শুধু ভগবানকে ডাকতে লাগলাম। সময় যেন আর কাটতেই চাইছে না। বৃষ্টি একটু বাড়লো। অন্ধকার গভীর হচ্ছে। মাথা আর কাজ করছে না। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে। মিনিট পঁচিশ পর শুকনো পাতার মর মর শব্দ কানে এলো। সবাই চুপ। গার্ড বললো, ফরেস্টের গাড়ি আসছে। সবার থমথমে মুখগুলোতে হাসি ঝলসে উঠলো। মাল বহনকারী একটা সাদা গাড়ি সামনে এসে দাঁড়ালো। হঠাৎ মনে হলো "আজ কি আনন্দ আকাশে বাতাসে"। শ্রীময়ী, বাণী, রাই আর বরফি মাঝখানের সিটে বসলো, আমরা বাকিরা সবাই উঠলাম গাড়ির পিছনে মালপত্তর নিয়ে যাবার খোলা জায়গায়। বানেশ্বর আর ড্রাইভার আমাদের পিছনে জিপ নিয়ে ধীরে ধীরে আসতে লাগলো। জঙ্গল, নদী, মাঠ পেরিয়ে, সাত কিলোমিটার পথ পেরিয়ে, আমরা ফরেস্ট বিট অফিসে এসে পৌঁছলাম। বিট অফিসার আমাদেরকে ওনার ঘরে নিয়ে গিয়ে চা খাওয়ালো। ভদ্রলোক খুব ভালো মানুষ, আমাদের সাথে অনেক গল্প করলেন। আমরা ওনাকে অসংখ্য ধন্যবাদ জানালাম। ওনার জন্য আমরা এ যাত্রা রক্ষা পেলাম, প্রাণে বাঁচলাম। 'কহিতামার' জঙ্গলে যে অভিজ্ঞতা সঞ্চয় করলাম তা সারা জীবনের স্মৃতি হয়ে রইলো। 
মিনিট পনেরো অপেক্ষা করার পর আনোয়ার আর্টিগা নিয়ে হাজির হলো। বিট অফিসার ও অন্যান্য সমস্ত স্টাফকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমরা রওনা দিলাম নিউ বঙ্গাইগাঁও স্টেশনের দিকে। পিছনে রইলো কাহিতামার স্মৃতি যা কোনো দিন ভোলার নয়। সাতটা কুড়িতে স্টেশনে এলাম। ট্রেন ৮ টা ১০ শে।ওয়েটিং রুমে সবাই ফ্রেশ হলো। আজ আমরা ফিরবো গত মাসে চালু হওয়া কামাক্ষা - হাওড়া বন্দে ভারত এ সি স্লিপার ট্রেনে। ইচ্ছে ছিল বন্দে ভারত স্লিপারে একবার সফর করার, আজ তা বাস্তবায়িত হবে। পাঁচ মিনিট আগেই ট্রেন স্টেশনে ঢুকলো। রাই আর সৌর্য্য ট্রেন ঢোকার ভিডিও করলো। আমাদের কোচ নম্বর এ ফোর। কোচে উঠতেই সবার মন ভালো হয়ে গেল। পরিষ্কার পরিচ্ছন্ন, ঝক ঝকঝকে কম্পার্টমেন্ট। টয়লেটগুলো আলট্রা মডার্ন। সমস্ত মডার্ন ফেসিলিটি আছে। নির্ধারিত সময়ে ট্রেন ছাড়লো। কিছুক্ষণ আগে যে পরিবেশে আমাদের যে অবস্থা ছিল তা ভেবেই গায়ে কাঁটা দিলো। রাত ৯ টা নাগাদ ডিনার দিয়ে গেল। বেশ ভালো ডিনার। আমাদের ছিল ২টো নিরামিষ থালি আর ৩টে আমিষ থালি। থালিতে ছিল পোলাও, ডাল, স্যালাড, তরকারি, পনির বাটার মশলা, পরোটা, চাটনি ও গুলাব জামুন। আমিষে পনিরের বদলে চিকেন। সঙ্গে জলের বোতল। আজ সবাই ক্লান্ত। ডিনার করে সবাই শুয়ে পড়লো। কু ঝিঁক ঝিঁক করে ট্রেন চললো তার আপন গতিতে। সকাল সাড়ে ৬টা। ঘুম ভাঙলো। ফ্রেশ হওয়া পর চা, বিস্কুট আর কেক দিয়ে গেল। সঙ্গে টেলিগ্রাফ ও আনন্দবাজার। বাইরে রোদ ঝলমলে আকাশ। ট্রেন বান্ডেল ছাড়লো। বাণী বললো, আমার বাড়ি চলে গেল। সৌর্য্যর শ্বশুরবাড়ি বান্ডেল। বাণী আমাদেরকে একদিন ব্যান্ডেল আসার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখলো। আসতে আসতে রেডি হয়ে বাগপত্তর গুছিয়ে নিলাম। ট্রেন ১০ মিনিট আগেই হাওড়া পৌঁছলো। শেষ হলো আমাদের এডভেঞ্চারাস সফর। আজ সবার মন খারাপ। বেড়াতে যাবো যাবো করে বেড়ানো শেষ। আবার সেই গতানুগতিক জীবন। আবার কবে ঘুরতে যাবো কে জানে। বন্দে ভারতের ইঞ্জিনের সামনে সবাই মিলে সেলফি তুলে হাওড়াকে টা টা জানালাম। সাড়ে ৮টায় আমাদের বুক করা উবের রওনা দিলো বাড়ির পথে। চোখে লেগে রইলো মানসের স্মৃতি, ঝটিকা ভুটানের বাকরুদ্ধ সফর আর কহিতামার রোমহর্ষক অভিজ্ঞতা।                                      
পথের দিশা: মানসের সব থেকে কাছের রেল স্টেশন হল বরপেটা রোড। হাওড়া থেকে কামরূপ এক্সপ্রেস ধরে বরপেটা রোড। স্টেশন থেকে রিজার্ভ গাড়িতে মানসের বাঁশবাড়ি গেট, দূরত্ব ২২ কিমি।। এছাড়া যে কোন ট্রেনে নিউ বঙাইগাঁও স্টেশন পৌঁছে, সেখান থেকে গাড়িতে মানস, দূরত্ব ৭৬ কিমি। সবথেকে কাছের এয়ারপোর্ট গুয়াহাটি।    
গৃহের ঠিকানা: মানস জাতীয় উদ্যানে থাকার জন্য বাঁশবাড়ি এলাকার আশেপাশে বেশ কিছু ভালো ইকো-ক্যাম্প এবং লজ রয়েছে, যা বন্যপ্রাণী প্রেমীদের জন্য উপযুক্ত। জনপ্রিয় অপশনগুলোর মধ্যে রয়েছে মুসা জঙ্গল রিট্রিট, ফ্লোরিকান কটেজ, বাঁশবাড়ি লজ, স্মাইলিং টাস্কার এলিফ্যান্ট ক্যাম্প, ইগল নেস্ট ইকো রিট্রিট, ডাওমার ইকো রিসোর্ট। আমরা ছিলাম বাঁশবাড়ি রেঞ্জ এর কাছে "মানস অর্কিড হোমস্টে’ তে। তবে আগে থেকে বুকিং করে আসাই ভালো। 
কি কি দেখবেন: মানস জাতীয় উদ্যান ভারতের আসামে হিমালয়ের পাদদেশে অবস্থিত একটি বিখ্যাত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, টাইগার রিজার্ভ এবং বায়োস্ফিয়ার রিজার্ভ। এটি বিপন্ন পিগমি হগ, একশৃঙ্গ গণ্ডার এবং বাঘের জন্য পরিচিত, যা ভুটানের রয়্যাল মানস ন্যাশনাল পার্কের সাথে সীমান্ত ভাগ করে নেয়। এছাড়া ময়ূর, টিয়া, বাজিগর, নীলকন্ঠ, লঙ্গুর, বুশ্চাট, ফ্লোরিকান সহ দেখতে পাওয়া যায় নানা ধরণের পাখির মেলা। অরণ্য জুড়ে নানা ধরনের প্রজাপতি অন্যান্য কীটপতঙ্গ ও সাপের আনাগোনা। তবে গোল্ডেন লঙ্গুর এর দর্শন পাওয়া ভাগ্যের ব্যাপার।
রসনাবিলাস: গ্রাম্য ঘরোয়া খাবার। চাইলে খেতে পারেন ম্যাগি, মোমো, স্যান্ডউইচ। ভূটানে লাঞ্চ করলে চাইলে খেতে পারেন ভূটানি খাবার। সঙ্গে আসাম চা তো থাকবেই।
ভ্রমণকাল: আদর্শ সময় অক্টোবর থেকে এপ্রিল। মার্চ ও এপ্রিল মাসে সব থেকে ভালো জীবজন্তুর দেখা পাওয়া যায়।
রাফটিং: মানস নদীতে রাফটিং করার সুযোগ রয়েছে, যা এক দারুণ অভিজ্ঞতা।
পরামর্শ: বন বিভাগের অনুমতি সাপেক্ষে জঙ্গল ট্রেকিং বা ট্রেকিং করা যেতে পারে।
পরিবেশ: স্থানটি খুব মনোরম, শান্ত এবং কম ভিড়যুক্ত, যা মানসিক শান্তির জন্য চমৎকার। 

Please mention the "name of the article and the author" you would like to comment in the following box... Thank you.

bottom of page